এই সরকার থাকলে সার্বভৌমত্ব থাকবে না —রিজভী

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ০০:২০

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কোনো গণতন্ত্রকামী দল কিংবা লোক শেখ হাসিনার সঙ্গে নেই। এরশাদ এক গণতন্ত্রহত্যাকারী ছিলেন তার দল আজকে শেখ হাসিনার জোটের অংশীদার। এই জাতীয় পার্টি ও আওয়ামী লীগের হানিমুনের পতন না ঘটালে নাগরিক স্বাধীনতা ও সত্যিকারের গণতন্ত্র ফিরে আসবে না। এই নতজানু সরকার থাকলে দেশের সার্বভৌমত্ব থাকবে না, স্বাধীনতা থাকবে না।

গতকাল নয়াপল্টনের কার্যালয় থেকে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিছিল শেষে সমাবেশে রিজভী একথা বলেন। রিজভীর নেতৃত্বে এই মিছিলটি নয়াপল্টনের কার্যালয় থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল রেস্তোরাঁ মোড় ঘুরে আবার কার্যালয়ে এসে শেষ হয়।

রিজভী বলেন, আজকে গণতন্ত্রের স্পেসগুলো দেখুন সব স্পেস সরকার বন্ধ করে দিচ্ছে। মিডিয়ার স্বাধীনতা একেবারে সংকুচিত করে রেখেছে।