রাজধানীর হাতিরঝিলে কিশোর গ্যাং গ্রুপের আটক ১১২ কিশোর-তরুণের মধ্যে সাতজন ছাড়া বাকিদের ছেড়ে দিয়েছে পুলিশ। গত শুক্রবার বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত হাতিরঝিল, মধুবাগ, ঝিলপাড়, উলন এলাকার গলিমুখ ঘেরাও করে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেছিল।
হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ বলেন, ‘ঐ সাতজনের বিরুদ্ধে আগে থেকেই মারামারি, ছিনতাই, চুরিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এদের মধ্যে চার জনের বিরুদ্ধে আগেও মামলা ছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বাকিদের বিরুদ্ধে পুরোনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। থানায় জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করে সতর্ক করা হয়েছে তাদের।’
সম্প্রতি ছুটির দিনের প্রধান অবকাশকালীন এলাকা হাতিরঝিলে কিশোর গ্যাং গ্রুপের উত্পাত বেড়ে যাওয়ায় ঐ এলাকায় যারা ঘুরতে আসে অনেকেই কিশোর গ্যাং গ্রুপের ব্যাপারে পুলিশের কাছে মৌখিকভাবে অভিযোগ করে। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে কিশোর গ্যাং গ্রুপের ১১২ কিশোরকে আটক করা হয়। তাদের কাছ থেকে ছয়টি মোটরসাইকেল আটক করে থানায় নেওয়া হয়েছে।
প্রতিদিন সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত হাতিরঝিলের সাড়ে সাত কিলোমিটার চক্রাকার সড়কপথে কিশোর গ্যাং গ্রুপের সদস্যদের আনাগোনা থাকে। এ কারণে এ এলাকায় পরিবারসহ ঘুরতে এলে চরম ভোগান্তিতে পড়তে হয়। বেপরোয়া গতির মোটরবাইকের বিকট শব্দে এক মিনিটের জন্যও স্বস্তির নিঃশ্বাস ফেলা যায় না।
ডিএমপি তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হাফিজ আল ফারুক বলেন, ‘বিভিন্ন সময়ে হাতিরঝিলে এসে মানুষজন ছিনতাই, ইভটিজিংসহ নানা ধরনের অপরাধের শিকার হয়। বেশির ভাগের অভিযোগ ছিল হাতিরঝিল এলাকার কিশোরদের বিরুদ্ধে।
