শিক্ষার্থীসহ সড়কে ঝরল চার প্রাণ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ০০:২০

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ চার জন নিহত হয়েছেন। গত শুক্রবার ও গতকাল শনিবার এসব দুর্ঘটনা ঘটে। ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-

ঠাকুরগাঁও: রাণীশংকৈল-বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও সড়কে ঢাকা থেকে রাণীশংকৈল গামী জোয়না এন্টারপ্রাইজের চাকায় পৃষ্ট হয়ে সাব্বির হোসেন (১১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বালিয়াডাঙ্গী উপজেলার বোয়ালধার শৈলা পুকুরের  সামনে এ দুর্ঘটনা ঘটে। সাব্বির রোয়ালধার গ্রামের আব্দুর রহিমের (মহির) ছেলে। সে স্থানীয় ছাগলডাঙ্গী সারকারি প্রাথমিক বিদ্যালয়ের চলতি বছরের পিএসসি পরীক্ষার্থী।

কলাপাড়া (পটুয়াখালী):  ঢাকা-কলাপাড়া মহাসড়কের বান্দ্রা মোড় নামক স্থানে গতকাল সাকুরা পরিবহনের একটি বাস চাপায় মো. শহিদ শিকদার (৪২) নামে এক অটোরিক্সা চালক নিহত হয়েছেন।

নেত্রকোনা: শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের কালা মার্কেট নামক স্থানে গতকাল ট্রাক চাপায় শিফাত (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিফাত শান্তিপুর গ্রামের রতন মিয়ার পুত্র এবং ব্র্যাক স্কুলের শিশু শ্রেণির ছাত্র।

চট্টগ্রাম: নগরীর কর্ণফুলী সেতু এলাকায় বেপরোয়া গতির বাস চাপায় গতকাল এক তরুণী নিহত হয়েছেন। আনুমানিক ১৮ বছর বয়সি এই তরুণীর পরিচয় জানা যায়নি।