একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ তোলার পর এই সরকারের সময়ে স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিএনপি। কিন্তু তা থেকে সরে এসেছে দলটি। গতকাল শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আসন্ন আটটি উপজেলায় নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতরাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে লন্ডন থেকে স্কাইপে যুক্ত থেকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী ১৪ অক্টোবর আটটি উপজেলায় যে নির্বাচন হবে, সেই নির্বাচনে দলীয় প্রতীকে আমরা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
রাত দশটায় এই প্রতিবেদন লেখার সময়ও রংপুর-৩ উপনির্বাচনে প্রার্থী চূড়ান্ত করা নিয়ে নেতারা আলোচনা করছিলেন।
‘আসামের নাগরিকপঞ্জির বিষয়ে
সরকারের ব্যাখ্যা দাবি’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আসামের নাগরিকপঞ্জি নিয়ে সেখানকার মন্ত্রীবর্গ, বিজেপি নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রীদের যে সকল বক্তব্য ভারতের বিভিন্ন পত্রিকায় বেরিয়েছে তাতে বলা হয়েছে যে, ১৯ লাখ যারা বাদ পড়েছেন তাদের মধ্যে অধিকাংশ বাংলাদেশি নাগরিক। আমরা এহেন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা বাংলাদেশের সরকারের কাছে এই ব্যাপারে পরিষ্কার ব্যাখ্যা চাই, ব্যাখ্যা দাবি করছি। তিনি বলেন, জাতিকে অন্ধকারে না রেখে সরকারের জানানো উচিত আসলে ব্যাপারটা কী?
স্থায়ী কমিটির বৈঠকে আরো উপস্থিত ছিলেন- খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু।
এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থাসহ তার সার্বিক বিষয়ে আজ রবিবার নয়া পল্টনে বিএনপির কার্যালয়ে বেলা ১১টায় সংবাদ সম্মেলন করবে বিএনপি।
