ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেছেন, পাকিস্তানি সন্ত্রাসীদের হাত থেকে জম্মু ও কাশ্মীরকে রক্ষায় তার দেশ দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, এসব সন্ত্রাসী অনবরত এ অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে। তাই কাশ্মীরিদের জীবন বাঁচাতে আমাদের যা কিছু করা দরকার আমরা তা করে যাব। গতকাল সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন। খবর ইন্ডিয়া টুডের
অজিত দোভাল বলেন, এরই মধ্যে পাকিস্তানি অনেক সন্ত্রাসী এদেশে অনুপ্রবেশ করেছে। তবে ভারত অধিকাংশকেই গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, এই সন্ত্রাসী কর্মকাণ্ডই হচ্ছে পাকিস্তানের একমাত্র অস্ত্র। এর মাধ্যমেই তারা দিনের পর দিন এ অঞ্চলের শান্তি নষ্ট করে যাচ্ছে। অজিত দোভাল বলেন, যদিও আমরা নিষেধাজ্ঞা জারি করেছি, তবে ৯২ শতাংশ এলাকাই এখন তা থেকে মুক্ত। সে বিবেচনায় কাশ্মীরিরা এখন এসব নিষেধাজ্ঞা থেকে মুক্ত। তিনি বলেন, সেখানে সেনাবাহিনীর কোনো বাড়াবাড়ি নেই। স্থানীয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী একসঙ্গে নির্দেশনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। সেনাবাহিনী সেখানে আছে শুধু সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য। একপর্যায়ে তিনি বলেন, আমার সম্পূর্ণ বিশ্বাস, কাশ্মীরের সংখ্যাগরিষ্ঠ মানুষই ৩৭০ ধারা বিলোপের পক্ষে। এই সিদ্ধান্তের ফলে তারা আশাবাদী যে চাকরি ক্ষেত্রে সুযোগ আরো বাড়বে। অর্থনৈতিক উন্নতি হবে। তবে সামান্যসংখ্যক দুষ্কৃতকারী শুধু এর বিরোধিতা করছে।
কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিসহ আরো অনেক নেতার আটকের বিষয়ে তিনি বলেন, তারা চাইলে আদালতে এর বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে পারেন। চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির বিবেচনায় এটা করা হয়েছে। কেননা তাদের মাধ্যমে যদি কোথাও কোনো গণসমাবেশ হয়, তাহলে সন্ত্রাসীরা এই সুযোগটি কাজে লাগাতে পারে। তিনি বলেন, আমরা কারো বিরুদ্ধেই কোনো ফৌজদারি অপরাধ বা রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনিনি। তারা প্রতিরোধমূলক হেফাজতে আছেন। গণতান্ত্রিক পরিবেশ ফিরে এলেই তাদের ছেড়ে দেওয়া হবে। আমি বিশ্বাস করি, সে অবস্থা খুব দ্রুতই আসবে।
