জয়ের দেখা পেল পর্তুগাল

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৩১

প্রথম দুটি ম্যাচেই ড্র। এতে হতাশায়ই ছিলেন পর্তুগাল ভক্তরা। শেষপর্যন্ত সেই হতাশাকে জয়ে রূপান্তর করলো ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। উয়েফা ইউরো বাছাইপর্বে সার্বিয়ার বিপক্ষে জয় পেয়েছে পর্তুগাল। 

শনিবার সার্বিয়ার মাঠে গ্রুপ ‘বি’ এর ম্যাচে ৪-২ গোলের জয় নিয়ে ফেরে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল। 

পর্তুগিজদের জয়ের ম্যাচে ৪২ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন উইলিয়াম কারভালহো। ডি-বক্সের জটলার মধ্য থেকে লক্ষ্যভেদ করেন তিনি। দ্বিতীয়ার্ধের শুরুর ৫৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গনসালে গুদেস।

এর ১০ মিনিট পর পর্তুগালের জালে বল জড়িয়ে সার্বিয়াকে গোল এনে দেন নিকোলা মিলেনকোভিচ।

প্রথমার্ধে কয়েকটি গোলের সুযোগ হাতছাড়া করার পর ৮০তম মিনিটে এসে গোলের দেখা পান ক্রিশ্চিয়ানো রোনালদো। বের্নার্দ সিলভার বাড়ানো বল নিখুঁত শটে জালে জড়িয়ে ব্যবধান বাড়ান তিনি।

এর পাঁচ মিনিট পর গোল করে সার্বিয়াকে খেলায় ফিরিয়ে আনেন অ্যালেক্সান্ডার মিত্রোভিচ। এরপর আর গোলের দেখা পায়নি সার্বিয়া। বরং ৮৬তম মিনিটের মাথায় উল্টো গোল করে সিলভা পর্তুগালের জয় নিশ্চিত করেন। 

‘বি’ গ্রুপে পর্তুগাল তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। আর একই গ্রুপে পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইউক্রেন।

ইত্তেফাক/জেডএইচ