ইজতেমার হামলার ঘটনায় তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে ---------------স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২২:৪০

ইজতেমা ময়দানে সংঘর্ষে হতাহতের ঘটনায় দায়ের করা মামলাগুলো তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি শনিবার টঙ্গীর ইজতেমা ময়দান পরিদর্শন ও তাবলিগের মুরুব্বিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইজতেমায় মুসুল্লিরা এখানে আসেন ইবাদতের জন্য, ধর্মীয় কাজে। তারা মাঠের কাজের জন্য, তাবলিগের মেহনতের জন্য এসেছে। এরা কিভাবে মারামারি করে তার জন্য প্রশাসনের কেউ প্রস্তুত ছিল না। প্রশাসনের লোকজনের সামনে জোর করে একটি পক্ষ ইজতেমা ময়দানে প্রবেশ করে। আমরা ভেবেছিলাম তারা ইজতেমা ময়দানে প্রবেশ করে প্রস্তুতি সভা করবে; কিন্তু তারা তা না করে ভাঙচুর করে এবং এখানে যারা ছিলেন তাদের আহত করলেন। এটা সত্যিই দুঃখজনক ঘটনা।

যেহেতু এখানে একটি হত্যাকাণ্ড হয়েছে, তিনজন সাথী মৃত্যু শয্যায় রয়েছে এবং বেশ কিছু আহত হয়েছেন। এজন্য থানায় ও আদালতে তিনটি মামলা হয়েছে। মামলাগুলো তদন্তের পরে যারা দোষী ব্যক্তি, যারা এই ঘটনা ঘটিয়েছে, যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অবশ্যই ইজতেমা হবে। দুই পক্ষ আবার বসে তাদের মধ্যে যে ভুল বুঝাবুঝি হয়েছে তা ক্লিয়ার করবে এবং ইজতেমা আবার হবে এটা আমরা বিশ্বাস করি।

এসময় মন্ত্রীর সঙ্গে সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, সিটি মেয়র মো. জাহাঙ্গীর আলম, পুলিশ মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি, পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।