রিদি শেখ ও পারসা ইভানা। প্রথমবার চমক দেখিয়েছিলেন মা দিবসের একটি গানের পারফর্মেন্সে। দু’জনই নাচের একটি রিয়েলিটি শো থেকে এসেছেন শোবিজ ইন্ডাস্ট্রিতে। তবে রিদি শেখ তার ধ্যান-জ্ঞান হিসেবে শুধু নাচকে রাখলেও পারসা ইভানা তার নিজের শখ-স্বপ্নের গতিপথ কিছু বদলেছেন। এখন অভিনয়ে জনপ্রিয় একটা অবস্থান তৈরি করেছেন। রিদি ও ইভানা দু’জন একসঙ্গে একটি নাটকে অভিনয় করেছেন।
মা দিবসের বিশেষ পারফর্মেন্সের পর এবার নতুন একটি হিন্দি ট্র্যাকের ওপরে দু’জনের নাচের কোরিওগ্রাফিতে মুগ্ধ করেছেন দর্শকদের। অভিনয় কিংবা নাচ। এ দুটির ভেতরে কোনটিকে বেছে নেবেন—এমন গতানুগতিক প্রশ্নেও তারা নাচের কথাটাই প্রথম বলেন। কিন্তু শুধু নাচ নিয়ে এদেশে সেই পরিমাণ খ্যাতি পাওয়া যায় না, যতটা তাদের আকাঙ্ক্ষার বাড়িতে বাস করে। তাই দু’জনই কমবেশি অভিনয় করছেন। রিদি শেখ খুব কম হলেও নাটকে কাজ করেছেন। দু’জনের একসঙ্গে কাজের ভেতর দিয়েই বন্ধুত্বটা তৈরি হয়েছে। সেই থেকেই কাজ করা। এ রকম নতুন ভাবনা নিয়ে আরো নতুন গানের কোরিওগ্রাফিতে হাজির হবেন কি-না জানতে চাইলে পারসা ইভানা বলেন, ‘অবশ্যই হবে। আমাদের দু’জনের মাথাতেই অনেকরকম আইডিয়া কুটকুট করতে থাকে। সব তো আর সময়-সুযোগের অভাবে করা হয় না। তবে একসঙ্গে কাজের আরো অনেক প্ল্যান আছে। দেখা যাক।’ শাহরুখ খানের চেন্নাই এক্সপ্রেস মুভির তিতলী গানটির ড্যান্স কাভার করেছেন তারা। উল্লেখ্য, এদেশে ড্যান্স কাভার নিয়ে সবচেয়ে সমৃদ্ধ ইউটিউব চ্যানেলটি রিদি শেখের। তার নিজস্ব চ্যানেলেই মুক্তি পেয়েছে এটি। তার চ্যানেলে রিদি-ইভানার এটি দ্বিতীয় পরিবেশনা। রিদি শেখ ও পারসা ইভানা দু’জনই শৈশব থেকে ক্লাসিক্যাল নৃত্যের ওপর পড়াশোনা করে নিজেদের নাচকে সমৃদ্ধ করেছেন।
