‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর বিচারক সুস্মিতা সেন

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ২০:১১

দক্ষিণ কোরিয়ায় ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার ৬৮তম আসরে অংশগ্রহণের লক্ষ্যে দেশে প্রথমবারের মতো ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর আসর বসতে যাচ্ছে। এ প্রতিযোগিতায় বিচারক হিসেবে দেখা যাবে সাবেক মিস ইউনিভার্স ও বলিউড তারকা সুস্মিতা সেনকে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন অনুষ্ঠানটির আয়োজকরা।

এই আয়োজনের গ্র্যান্ড ফিনালেতে প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন সুস্মিতা সেন। বিজয়ী প্রতিযোগীকে মুকুট পরিয়েও দেবেন তিনি। বিচারক হিসেবে আরো থাকবেন অভিনেত্রী বিপাশা হায়াত,  রুবাবা দৌলা ও তুতলী রহমান।

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করছে রিজ ইভেন্টস, অফ ট্র্যাক ও ট্রিলজি। সংবাদ সম্মেলনে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর চেয়ারম্যান রিজওয়ান বিন ফারুক জানান, আসছে ডিসেম্বরে কোরিয়ায় বসতে যাচ্ছে ‘মিস ইউনিভার্স’-এর ৬৮তম আসর। আর এখানে প্রথমবারের মতো প্রতিনিধি পাঠাতে প্রস্তুত বাংলাদেশ। ২৩ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ অংশের চূড়ান্ত পর্ব।