স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে
মাত্র তৃতীয় টেস্ট খেলছে আফগানিস্তান। এরই মধ্যে দ্বিতীয় টেস্ট জয় হাতছানি দিচ্ছে। আর মাত্র ৫ উইকেটের দরকার তাদের। তারপরই বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক এক জয় মুঠোয় চলে আসবে। এই সময়ে আফগানিস্তানের খেলোয়াড়দের রোমাঞ্চিত না হওয়ার কোনো কারণ নেই। গতকাল সংবাদ সম্মেলনে আসা তরুণ ব্যাটসম্যান আফসার জাজাই স্বীকার করলেন, তারা আসলেই সবাই খুব রোমাঞ্চিত।
নিজেদের অবস্থাটা বোঝাতে গিয়ে আফসার বলছিলেন, ‘আমরা জয় থেকে আর মাত্র ৫ উইকেট দূরে আছি। প্রথম থেকেই এই টেস্টে আমরা খুব ভালো করছি। তাই আমরা সবাই একটু রোমাঞ্চিত। এখন বৃষ্টির ওপরে আমাদের কোনো হাত নেই। আমরা চেষ্টা করব খেলায় মনোযোগ রাখতে। আশা করি, কাল (আজ) বৃষ্টি হবে না। আমরা প্রয়োজনীয় ৫ উইকেট তুলে নিতে পারব।’
বাংলাদেশের বিপক্ষে এই জয়টা এলে সেটা যে আফগানিস্তানের ক্রিকেটের জন্য অনেক বড়ো একটা বিবৃতি হবে, সেটাও মনে করিয়ে দিলেন আফসার। তিনি বলছিলেন, ‘এই জয়টা এলে সেটা অনেক বড়ো হবে আমাদের জন্য। আমরা টি-টোয়েন্টি আর ওয়ানডে ভালো খেলি। টেস্ট খেলার বেশি অভিজ্ঞতা আমাদের নেই। ফলে আমরা টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর সেটাকে যথার্থ প্রমাণ করার একটা প্রয়োজন ছিল। আমরা সেটা করতে পেরেছি। এটা আমাদের পক্ষে কথা বলবে।’
বাংলাদেশের বিপক্ষে কোথায় এগিয়ে গেছেন এই ম্যাচে, সেটা বলতে গিয়ে আফসার নিজেদের সব বিভাগকেই এগিয়ে রাখলেন। তিনি বললেন, ‘আমরা এই উইকেটে প্রথম ইনিংসে খুব ভালো ব্যাট করেছি। এরপর স্পিনারদের কাজটা করতে হয়েছে। আমাদের স্পিনাররা অনেক ভালো। আমাদের স্পিনারদের খেলা কখনোই সহজ নয়। তাই আমরা এগিয়ে গেছি।’
