গ্র্যান্ড স্ল্যামে আবারও ব্যর্থ সেরেনা
স্পোর্টস ডেস্ক
কানাডিয়ান কিশোরী বিয়াঙ্কা আন্দ্রেস্কু তিন বছর আগে মজার ছলে নিজে নিজেই একটা চেক লিখেছিলেন। ইউএস ওপেন জয়ের মিছিমিছি রূপ ছিলো সে চেকে। কিন্তু সেটি আর স্বপ্ন থাকল না। গত শনিবার রাতে ইউএস ওপেনের ফাইনালে সেরেনা উইলিয়ামসকে সরাসরি সেটে হারিয়ে সে স্বপ্নকে বাস্তব করলেন বিয়াঙ্কা।
দুর্ভাগ্য সেরেনার। এ নিয়ে চারবার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেও মার্গারেট কোটের রেকর্ড ২৪টি শিরোপার সমকক্ষ হতে পারলেন না এই আমেরিকান। এবার বিয়াঙ্কার কাছে হারলেন ৬-৩, ৭-৫ গেমে। বিয়াঙ্কা এদিন শুরুর সেটে ৬-৩ গেমে জয় তুলে নেন। এরপর দ্বিতীয় সেটেও এগিয়ে গিয়েছিলেন ৫-১ গেমে। সেখান থেকে দারুণভাবে ফিরে এসে সেরেনা সেটটাকে নিয়ে যান টাইব্রেকারে। তবে স্নায়ু ধরে রেখে বিয়াঙ্কা ৭-৫ গেমের জয় তুলে নেন।
প্রথম কানাডীয় হিসেবে ইউএস ওপেনের নারী একক জিতলো এ কিশোরী। মারিয়া শারাপোভার পর কুড়ি পেরোনোর আগে গ্র্যান্ড স্ল্যাম জেতা প্রথম নারী খেলোয়াড়ও বনে যান তিনি। ২০০৪ সালে ১৭ বছর বয়সে উইম্বলডন জিতেছিলেন রুশ তারকা।
ইউএস ওপেনের ফাইনালের আগে ১৯ বছর বয়সি বিয়াঙ্কা জানিয়েছিলেন সেরেনার বিপক্ষে ফাইনালে খেলবেন এমন কথা এক বছর আগেও কেউ বললে তাকে পাগল ভেবে বসতেন তিনি। র্যাংকিংয়ে সে সময় ২০০রও বাইরে থাকা বিয়াঙ্কার পক্ষে এমনটা ভাবা কঠিন ছিল না মোটেও। অথচ সেই কুড়ি ছুঁইছুঁই মেয়েটিই এক বছরের মাথায় কত প্রতিকূলতা জয় করে জিতলেন বছরের শেষ আর নিজের প্রথম গ্র্যান্ড স্ল্যামটি! শনিবারের ফাইনালে কেবল অভিজ্ঞতায় ঋদ্ধ সেরেনাই তার প্রতিপক্ষ ছিলেন না, আমেরিকান তারকার ইতিহাস ও আর্থার অ্যাশ স্টেডিয়ামের ২০ হাজারের মতো দর্শকও বিপক্ষেই ছিলেন তার। এক পর্যায়ে তো দর্শকদের গর্জনে কানে হাত দেওয়ার জোগাড় হয়ে গিয়েছিল তার!
কানাডিয়টি খেলা শেষে সেটা স্বীকারও করে নিলেন অকপটে, ‘দর্শকদের এই ব্যাপারটাকেও হারাতেই হতো আমাকে। আমি জানতাম এখানকার দর্শক সেরেনার জয়ই দেখতে চাইছিল। সেরেনা ফিরে আসার চেষ্টা করবেন, এটা প্রত্যাশিতই ছিল। কিন্তু আমি সেটা না হতে দেওয়ার জন্য আমার সেরা চেষ্টাটাই করেছি। সেটা করতে পেরেছি বলে আমি আনন্দিত।’
দীর্ঘ এ স্বপ্ন সত্যি হওয়ার ব্যাপারটিকে পাগলাটে বলে আখ্যা দিলেন বিয়াঙ্কা, ‘এই মুহূর্তটার জন্য অনেকদিন ধরেই স্বপ্ন দেখছিলাম। এটা সত্যি হওয়াটা পাগলাটে।’
চলতি বছরটা স্বপ্নের মতো কাটছে বিয়াঙ্কার। ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যামের পাশাপাশি ইন্ডিয়ানা ওয়েলস ওপেন ও কানাডিয়ান ওপেনের শিরোপাও জিতেছেন তিনি। তবে এমন অনুভূতির সঙ্গে অভ্যস্ত হয়ে উঠতে চান বলে জানালেন বিয়াঙ্কা, ‘এটা পাগলাটে একটা বছর যাচ্ছে। তবে এই অনুভূতির সঙ্গে অভ্যস্ত হয়ে উঠতে পারব আমি।’
ইউএস ওপেন জয়ের ফলে ৩১ লাখ ৩০ হাজার ইউএস ডলার পাচ্ছেন তিনি। এ ব্যাপারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাকে জিজ্ঞেস করবেন না, কারণ এ নিয়ে আমার কোনো ধারণাই নেই। জীবনে কখনো এত অর্থের মালিক হইনি আমি।’
প্রতিপক্ষ সেরেনারও দারুণ প্রশংসা কুড়িয়েছেন বিয়াঙ্কা, ‘আমার মনে হয়েছে চাপের মুখে ভালো খেলে সে। সে মাঠে নামে এবং দারুণ খেলে। সে যাতে দক্ষ সেটাই করে। আর সেটা হচ্ছে বলের কাছে দ্রুত পৌঁঁছানো, জয়সূচক শট মারা আর তীব্রতা নিয়ে খেলা।’
