ইউরো ২০২০ বাছাইপর্বে শনিবার রাতে স্বাগতিক ফ্রান্সের মুখোমুখি হয়েছিল আলবেনিয়া। জাতীয় সংগীত বাজানোর সময়েই বাজলো বিপত্তি। আলবেনিয়ার জাতীয় সংগীতের বদলে বাজানো হলো অ্যান্ডোরার জাতীয় সংগীত! এরপর স্টেডিয়ামের ঘোষণাকারী আলবেনিয়ার বদলে আর্মেনিয়ার কাছে ক্ষমা চেয়ে ব্যাপারটাকে আরো ঘোলাটে করে তোলেন। তবে কর্তৃপক্ষ এত বড়ো ভুল করলেও স্বাগতিক ফ্রান্স কোনো ভুল করেনি। আলবেনিয়ার বিপক্ষে ৪-১ গোলের সহজ জয় ঠিকই তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। কিংসলে কোম্যান করেন জোড়া গোল আর অলিভিয়ের জিরু ও তরুণ নানিতামো ইকোনের পা থেকে আসে একটি করে গোল। ম্যাচের অন্তিম সময়ে আলবেনিয়ার সান্ত্বনাসূচক গোলটি করেন চিকাল্লেসি।
