জুনিয়র হকির জন্য এক ডজন প্রস্তুতি ম্যাচ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৯

 স্পোর্টস রিপোর্টার

বঙ্গবন্ধু জুনিয়র (অনূর্ধ্ব-২১) এশিয়া কাপ হকি আগামী বছর ঢাকায় অনুষ্ঠিত হবে। জুনে হওয়ার কথা রয়েছে এই টুর্নামেন্ট। জুনিয়র এশিয়া কাপ হকিতে ভালো পারফরম্যান্স করার জন্য বাংলাদেশ দল নিয়ে বড়ো পরিকল্পনা রয়েছে হকি ফেডারেশনের। দেশের মধ্যে সবসময় অনুশীলনের থাকার পাশাপাশি বিদেশের মাটিতেও অনুশীলন করার উদ্যোগ নেওয়া হয়েছে। আপাতত ভারতে যাচ্ছে অনূর্ধ্ব-২১ হকি দল। এ মাসেই ভারতে যাওয়ার কথা। সেখানে এক ডজন প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। হকি ফেডারেশনের সহসভাপতি রশিদ সিকদার গতকাল জানিয়েছেন ভারতে পাঠানো হবে অনূর্ধ্ব-২১ হকি দলকে। তিনি বলেন, ‘ভারতের চন্ডিগড়, পাঞ্জাব, হরিয়ানাসহ চারটি রাজ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে। বারো থেকে পনেরটি ম্যাচ খেলার প্রস্তুতি নেওয়া হয়েছে। এ মাসেই দলু চলে যাবে।’ রশিদ সিকদার বলেন, বিভিন্ন হকি একাডেমির বিপক্ষে খেলাগুলো হবে।’

জুনিয়র হকি দলের কোচ সাবেক তারকা খেলোয়াড় মামুনুর রশিদ এখন দলের প্রশিক্ষণের দায়িত্ব পালন করছেন। ১০০ খেলোয়াড় নিয়ে বাছাই করে এখন সেখানে রয়েছে ৪১ জন খেলোয়াড়। এখান থেকে বাছাই করে ২২ জনকে ভারতে পাঠানো হবে প্রস্তুতি ম্যাচ খেলার জন্য। ফেডারেশন বলছে, ১৮ সেপ্টেম্বর পাঠানো হবে। যদিও এখনো ভিসা প্রক্রিয়া শুরু হয়নি। সেটিও হয়ে যাবে বলে শুনিয়েছেন ফেডারেশন কর্মকর্তা।

জুনিয়র হকি দল নিয়ে আরো পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। ভারত থেকে ঢাকায় ফেরার পর একটি সিরিজ টুর্নামেন্টে অংশ নিতে পারে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি খেলোয়াড়রা। এজন্য ওমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। ওমান পাকিস্তানে খেলতে যাবে। সেখান থেকে ঢাকায় আসতে পারে এমন একটি প্রবল সম্ভাবনার কথা জানিয়েছেন ফেডারেশন সহসভাপতি রশিদ সিকদার। ওমান আসলে সঙ্গে পাকিস্তানও আসতে পারে। রশিদ সিকদার বলেন, ‘যদি ওমান এবং পাকিস্তানকে পাওয়া যায় তাহলে তিন দেশ নিয়ে সিরিজ হবে ঢাকায়।’ এই সিরিজ হবে অক্টোবরে।

ভারত এবং ঢাকায় প্রস্তুতির পর অনূর্ধ্ব—২১ হকি দলকে দক্ষিণ কোরিয়ায় পাঠানো হতে পারে। সেখানে তিন দেশ নিয়ে আরেকটি টুর্নামেন্টে খেলার সুযোগ পেতে পারে বাংলাদেশ। সম্প্রতি হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক মোমিনুল হক সাঈদ এবং রশিদ সিকদার জাপান সফরে গিয়েছিলেন হকির কার্যক্রমে অংশ নিতে। সেখানে কোরিয়ান হকি কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। কোরিয়ায় খেলতে যাওয়ার সম্ভাবনার কথাও কাল জানিয়েছেন রশিদ সিকদার।