বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২৩:৩৫

 ‘সাফল্য ও উত্কর্ষের দুই দশক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার নানা আয়োজন ও আনন্দ উত্সবের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের অংশগ্রহণে ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়ার সভাপতিত্বে  আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মোঃ আখতার হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এগ্রারিয়ান রিসার্স ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ড. আবদুল হামিদ। মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান আকন্দ এবং আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ খোরশেদ আলম ভূঞা। এছাড়া বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (আন্তর্জাতিক বিষয়ক) প্রফেসর ড. এ. আর. এম. সোলাইমান ও রেজিস্ট্রার সৈয়দ জহুরুল আমিন। পরে বেগম সুফিয়া কামাল অডিটরিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফানুস ওড়ানোর মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শেষ হয়।