কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
কমলগঞ্জে শাহ ইয়াছিন (র.) আন্তর্জাতিক লোকসংহতি জলসা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার শমশেরনগর বাজারের আব্দুল মছব্বির ভবনে এ লোকসংহতি জলসা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শমসেরনগরের প্রাক্তন ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বিরের সভাপতিত্বে ও সমাজসেবক শামসুল হক মিন্টুর সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মৌলভীবাজার জেলা পরিষদ অধ্যক্ষ ম. মুর্শেদুর রহমান। প্রধান আলোচক ছিলেন, কুলাউড়া সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের কৈলাশহর হতে আগত শাহ ইয়াছিন (র.) উত্তরসূরি শাহ মো. সিরাজুল ইসলাম ফখরুল, লেখক হুময়ুন রশিদ, মুক্তিযোদ্ধা নির্মল চন্দ্র দাশ, মিরপুর কলেজের অধ্যাপক ফজলুর রহমান, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমীন মিল্টন প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, শাহ ইয়াছিনের লেখা এক হাজারের অধিক মুর্শিদি গান বিলুপ্তির পথে। এগুলো সংরক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার ব্যবস্থা করা প্রয়োজন। পরে শাহ ইয়াছিন (র.) বাছাই করা মুর্শিদি গানের জলসা অনুষ্ঠিত হয়।
