শিবগঞ্জে অস্ত্র ও মাদকসহ দুই যুবক আটক

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:১০

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

শিবগঞ্জে পৃথক দুটি অভিযানে অস্ত্র, গুলি ও মাদকসহ দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলো— সদর উপজেলার বরহম ঘোষপাড়ার লতিফ ঘোষের ছেলে ফটিক ওরফে প্রকাশ ওরফে ইঞ্জিন ও শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরীপাড়ার মৃত আজাহার আলীর ছেলে আবদুল লতিফ।

জেলা গোয়েন্দা শাখা পুলিশের পরিদর্শক মাহবুব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় গোয়েন্দা পুলিশের এএসআই আহসানুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরীপাড়ায় লতিফের নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ লতিফকে আটক করে। এর আগে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধোবড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ফটিক ওরফে প্রকাশ ওরফে ইঞ্জিনকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।