গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
গলাচিপায় রবিবার সকালে ঢাকা-গলাচিপা রুটের এম ভি বাগেরহাট-২ লঞ্চ থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাতে লঞ্চে দ্বিতীয় তলার ডেকের যাত্রী অজ্ঞাত ঐ নারী অসুস্থ হয়ে বমি করে মারা যান। খাদ্যে বিষক্রিয়ায় তিনি মারা যেতে পারেন বলে পুলিশ ধারণা করছে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদ জানান, শনিবার সন্ধ্যায় ঢাকার সদরঘাট থেকে অজ্ঞাত ঐ নারী ও এক যুবক একসঙ্গে লঞ্চে ওঠে। যুবকটি ফতুল্লা লঞ্চঘাটে নেমে যায়। রাতেই লঞ্চে অসুস্থ হয়ে বমি করে নারীর মৃত্যু হয়। আশপাশে তার কোনো আত্মীয়স্বজন নেই। তাকে কেউ চিনতে পারছে না। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
