গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি অডিটোরিয়ামে সম্প্রীতি বাংলাদেশের উদ্যোগে রবিবার বিকেলে ‘শতবর্ষের পথে বঙ্গবন্ধু ও সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়।
গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুত্ফার রহমান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলি শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক অসীম কুমার সরকার, অধ্যাপক বিমান বড়ুয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মিল্টন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, মুক্তিযোদ্ধা নির্মলেন্দু বিশ্বাস, অ্যাড. এম জুলকদর রহমান, ডা. প্রহল্লাদ বিশ্বাস, অসিত বল, সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী, নাছিমা রহমান প্রমুখ।
প্রধান অতিথি পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির হূদয় স্পর্শ করে বুঝতে পেরেছিলেন স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব, মর্যাদা এবং শক্তির অন্যতম অবলম্বন হবে বাঙালি সংস্কৃতিপ্রসূত অসাম্প্রদায়িক রাষ্ট্রনীতি। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারই ধারাবাহিকতায়, জাতির পিতার আদর্শের অসাম্প্রদায়িক বাংলাদেশ ধরে রাখতে সচেষ্ট।
