চট্টগ্রাম অফিস
চট্টগ্রামে হোটেল-রেস্তোরাঁ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও মানসম্পন্ন নিরাপদ খাদ্য তৈরি নিয়ে হোটেল মালিকদের সাথে এক মতবিনিময় সভা গতকাল রবিবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামশুদ্দোহা সভায় সভাপতিত্ব করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দিন বলেন, পচা, বাসি, মেয়াদোত্তীর্ণ খাবার নিজে খাবেন না, ভোক্তাদের কেন খাওয়াবেন। ব্যবসা পরিচালনা করতে হলে আইন জেনে নিতে হবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার বলেন, ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে অপরাধ সংঘটিত হলে এবং অপরাধী অপরাধ স্বীকার করলে জরিমানা বা শাস্তি দেওয়া হয়। সচেতন করার জন্যই জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. হাসানুজ্জামান বলেন, উত্পাদন, মেয়াদ, খুচরা মূল্য দিতে হবে। বিদেশি পণ্যের মোড়কে আমদানিকারকের নাম, বাংলাদেশি টাকায় মূল্য ইত্যাদি থাকতে হবে।
