সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে ১৩ বসতঘর পুড়ে গেছে। ঘটনাটি ঘটে গত শনিবার দিবাগত রাত ৩টার সময় উপজেলার চরতি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ব্রাহ্মণডাঙ্গা মাস্টার বাজার এলাকায়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বসতঘরের মালিকরা হলেন—আলী নবী, জসিম উদ্দিন, সামশুল ইসলাম, মো. আলমগীর, আইয়ুব আলী, মো. শাহজাহান, লেদু মিয়া, আবদুর রহিম, মোহাম্মদ আলী, ছমুদা খাতুন, মুন্নি বেগম, খুরশিদা আক্তার ও মোহাম্মদ রহিম।
ক্ষতিগ্রস্ত জসিম উদ্দিন, সামশুল ইসলাম ও মন্নি আক্তার বলেন, আলী নবীর বসতঘরের দিক থেকে আগুনের উত্পত্তি হয়।
সাতকানিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ মারুফ জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি যাতে আশপাশের বাড়িতে আগুন ছড়িয়ে না পড়ে।
স্থানীয় ইউপি সদস্য আবদুল মালেক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নগদ টাকাসহ অন্যান্য মূল্যবান মালামাল মিলে আনুমানিক ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
চরতি ইউনিয়নের চেয়ারম্যান ডা. রেজাউল করিম বলেন, ক্ষতিগ্রস্তরা বর্তমানে মানবেতর দিন কাটাচ্ছেন। আমি পরিষদ থেকে কিছু সহযোগিতা করার চেষ্টা করছি।
