রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা
রাউজানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী দিনে প্রথম খেলায় পাহাড়তলী ইউনিয়ন দল উরকিরচর ইউনিয়ন দলকে ১-০ গোলে এবং পৌরসভা-২ দল নোয়াজিসপুর ইউনিয়ন দলকে ২-০ গোলে পরাজিত করেন। গত ৭ সেপ্টেম্বর বিকাল ৩টায় রাউজান আর আর এ সি সরকারি বিদ্যালয়ের মাঠে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত এই টুর্নামেন্ট উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহছানুল হায়দর চৌধুরী বাবুল, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) এহসান মুরাদ, পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান প্রমুখ। খেলা শেষে কৃতী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন সংসদ সদস্য।
