কচুয়ায় প্রবাসীর স্ত্রী নিখোঁজ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৫

কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা

কচুয়া উপজেলায় মনি বেগম নামে এক প্রবাসীর স্ত্রী নিখোঁজ রয়েছে। শনিবার রাত থেকে মনি বেগম নিখোঁজ আছে। তিনি উপজেলার দারাশাহী-তুলপাই মোল্লাবাড়ির প্রবাসী জামাল হোসেনের স্ত্রী। কচুয়া পৌরবাজারের পলাশপুরে সিএনজি স্টেশন সংলগ্ন একটি ভাড়া বাড়িতে একা থাকতেন তিনি।

মনি বেগমের বড়ো বোন মায়া আক্তার জানান, মনি ৮ মাসের গর্ভবতী। শনিবার রাত ১টার দিকে মনির স্বামী বিদেশ থেকে ফোন করে মনি অসুস্থ হয়ে পড়েছে বলে জানিয়েছে। তাই তাকে নিজ বাড়িতে নিয়ে আসার কথা বলে। ফোন পেয়ে তারা মনি বেগমের সঙ্গে রাতেই যোগাযোগ করলে এখন কিছুটা সুস্থ আছে দাবি করে মনি বেগম তাদের সকালে আসতে বলে। রবিবার সকাল ৯টার দিকে এসে তারা মনির বাসার দরজার বাইরে থেকে লাগানো দেখতে পায়। দরজা খুলে কক্ষে প্রবেশ করে দেখে মনি বেগম কক্ষে নেই, ছোপ ছোপ রক্ত পড়ে আছে মেঝে ও টয়লেটে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. ওয়ালী উল্যাহ জানান, শনিবার রাতের কোনো এক সময়ে মনি বেগম নিখোঁজ হয়। তার স্বজনদের কাছ থেকে সংবাদ পেয়ে পুলিশ মনি বেগমের ভাড়া বাসায় গিয়ে দেখতে পায়, তার শয়নকক্ষের মেঝে ও টয়লেটে ছোপ ছোপ রক্ত পড়ে আছে। এ ব্যাপারে কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরির প্রস্তুতি চলছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশের জোর তত্পরতা অব্যাহত রয়েছে।