ডোমারে অগ্নিকাণ্ডে ৫৬ ঘর পুড়ে ছাই
ডোমার (নীলফামারী) সংবাদদাতা উপজেলার হরিণচড়া ইউনিয়নের পশ্চিম হরিণচড়া গ্রামে অগ্নিকাণ্ডে ১৮টি পরিবারের ৫৬টি ঘর পুড়ে গেছে। রবিবার ভোররাতে এ ঘটনা ঘটে। ডোমার ও নীলফামারী সদরের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
নকলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে শোভাযাত্রা
নকলা (শেরপুর) সংবাদদাতা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে নকলায় রবিবার র্যালি ও আলোচনা সভা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বর থেকে র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাসসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
ত্রিশালে বঙ্গবন্ধু গোল্ড কাপ উদ্বোধন
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা ত্রিশালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে রবিবার। নজরুল মঞ্চে এ লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আ. মতিন সরকার। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল জাকিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এরশাদ উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ প্রমুখ।
চৌহালীতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প
চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা দেশের শিল্পকারখানা স্থাপনের প্রথম উদ্যোক্তা মানব হিতৈষী কর্মবীর ডা. মীর আমজাদ হোসেনের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শনিবার চৌহালী উপজেলার যমুনার দুর্গম চরাঞ্চলের অসহায় রোগীদের বিনামূল্যে চিকিত্সা সহায়তায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বিটিএমএ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. মীর আমজাদ হোসেনের প্রতিষ্ঠিত দক্ষিণ এশিয়ার বৃহত্ চিকিত্সাসেবা প্রতিষ্ঠান খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের উদ্যোগে এই ক্যাম্প পরিচালিত হয়।
বোচাগঞ্জে সততা স্টোর উদ্বোধন
বোচাগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা বোচাগঞ্জে শিক্ষার্থীদের স্বার্থহীন, সততা, নিষ্ঠা ও নৈতিকতা সম্পর্কে জ্ঞান আরোহণের লক্ষ্যে সেতাবগঞ্জ কামিল মাদ্রাসায় সততা স্টোর নামক বিক্রেতাবিহীন দোকান উদ্বোধন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অর্থায়নে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী এমপি শনিবার এর উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন বোচাগঞ্জ ইউএনও মো. ফকরুল হাসান, বোচাগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. রুস্তম আলী প্রমুখ।
ঢাকাস্থ ঝিনাইদহ অফিসার্স ফোরামের কমিটি গঠন
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঢাকাস্থ ঝিনাইদহ অফিসার্স ফোরামের নবগঠিত কমিটি গঠিত হয় শনিবার। স্বাস্থ্য সচিব মো. আসাদুল ইসলামকে সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. জেড এম পারভেজ সাজ্জাদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। সভায় ৩৯ সদস্য বিশিষ্ট ঝিনাইদহ অফিসার্স ফোরামের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
দুর্গাপুরে যুব ইউনিয়নের অষ্টম উপজেলা সম্মেলন
দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা বাংলাদেশ যুব ইউনিয়ন দুর্গাপুর উপজেলা কমিটির অষ্টম উপজেলা সম্মেলন শনিবার রাতে সম্পন্ন হয়। উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অডিটোরিয়াম সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য ও নেত্রকোনা জেলা কমিটির সভাপতি আবুল কাইয়ুম আহম্মদ। পরে আলোচনা শেষে মো. নজরুল ইসলামকে সভাপতি ও দীলিপ কুমার ঘোষকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট দুর্গাপুর উপজেলা কমিটি গঠন করা হয়।
সৈয়দপুর কারিগরি কলেজের তিন শিক্ষকের বিদায় সংবর্ধনা
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা সৈয়দপুরে সরকারি কারিগরি কলেজের তিন জন প্রাক্তন শিক্ষককে বিদায়ি সংবর্ধনা প্রদান করা হয়েছে। তারা হলেন সাবেক অধ্যক্ষ প্রফেসর আলহাজ মো. মঞ্জুরুল ইসলাম, সাবেক অধ্যক্ষ ড. শাহ্ মো. আমির আলী আজাদ ও প্রাণিবিজ্ঞান বিভাগের সাবেক প্রদর্শক মো. সানওয়ার আলী মন্ডল। শনিবার কলেজের সবুজ চত্বরে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের আয়োজক কমিটির আহ্বায়ক ও কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. আবুল কালাম আজাদ।
তিতাসে সড়ক সংস্কার কাজের উদ্বোধন
তিতাস (কুমিল্লা) সংবাদদাতা তিতাসের নয়াকান্দি বাজার থেকে আসামানিয়া বাজারের সড়কের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী এর উদ্বোধন করেন। এদিন তিনি নয়াকান্দি বাজারসংলগ্ন মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
হত্যা মামলার আসামিদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ
লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা নাজমুল হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। রবিবার লোহাগড়ার বসুপটি বাসস্ট্যান্ডে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়। কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের মোসলেম শেখের ছেলে নাজমুল শেখ গত ১৬ জুন বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরদিন ঐ গ্রামেরই মোকসেদ মল্লিকের মালিকানাধীন অব্যবহূত ফাঁকা জমিতে নাজমুলের লাশ পাওয়া যায়। এ ঘটনায় ১৭ জুন নাজমুলের স্ত্রী মোছা. আন্না বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় হত্যা মামলা করেন।
চাটমোহরে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, দুই জনের জরিমানা
চাটমোহর (পাবনা) সংবাদদাতা চাটমোহর উপজেলার অমৃতকুন্ডা (রেলবাজার) হাটে রবিবার মত্স্য অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান পরিচালনা করেন। এ সময় ২ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় জাল বিক্রির সঙ্গে জড়িত থাকার দায়ে তিন জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উভয়কে ৩ হাজার টাকা করে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার অসীম কুমার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন। অভিযানে নেতৃত্ব দেন পাবনা জেলা মত্স্য কর্মকর্তা মো. আ. রউফ। এ সময় চাটমোহর উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, থানার এসআই আ. গণিসহ পুলিশ উপস্থিত ছিলেন।
মুলাদীতে কার্গোর ধাক্কায় ট্রলার ডুবি
মুলাদী (বরিশাল) সংবাদদাতা মুলাদীতে বালুর জাহাজের ধাক্কায় ট্রলার ডুবিতে একজন নিখোঁজ রয়েছে। নিখোঁজ মত্স্যচাষি সানাউল্লাহ সিকদার মুলাদী সদর ইউনিয়নে ভাঙ্গারমোনা গ্রামের মৃত মোবারক সিকদারের ছেলে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাতিরহাটের দক্ষিণ পার্শ্বে আড়িয়ালখা নদীতে খুলনা থেকে সিলেটগামী একটি কার্গো বিপরীত দিক থেকে আসা ট্রলারকে ধাক্কা দেয়। এ সময় ট্রলারে থাকা লোকজন নদীতে ছিটকে পড়ে যায়। সবাই সাঁতরে তীরে উঠতে পারলেও সানাউল্লাহ নিখোঁজ হন। ঘটনার পর পরই স্থানীয়রা ট্রলার নিয়ে ধাওয়া করে নাজিরপুরের সাহেবেরচর এলাকায় কার্গোটিকে জব্দ করে। সংবাদ পেয়ে নাজিরপুর নৌ-থানা পুলিশ কার্গো থেকে চার জনকে গ্রেফতার করে রবিবার মুলাদী থানায় হস্তান্তর করে। এদিকে নিখোঁজ মত্স্যচাষির ছোটো ভাই বেলায়েত হোসেন সিকদার বাদী হয়ে মুলাদী থানায় মামলা দায়ের করেছেন।
০
