গাজীপুরে বিয়েবাড়িতে ছুরিকাঘাতে যুবক খুন

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২৩:৩৮

গাজীপুরে বিয়ে বাড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আবু বকর সিদ্দিক ওরফে বাবু নামে এক যুবককে খুন করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর হাজীবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবু (২২) হাজীবাগ এলাকার বাসিন্দা শামসুল হকের ছেলে। তিনি একটি ডায়াগনস্টিক সেন্টারের রিসেপশনিস্ট ছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে প্রতিবেশী নুরা মাদবরের বাড়ির ভাড়াটিয়ার ছেলের বিয়ের অনুষ্ঠানে যায় বাবু। সেখানে খাওয়া-দাওয়ার পর বন্ধুদের সাথে নেশা করে বাবু। এসময়ে বাবুর সাথে একই এলাকার পারভেজের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পারভেজ চাকু দিয়ে বাবুর বুকে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত বাবুকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক বাবুকে মৃত ঘোষণা করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর জানান, পারভেজের সঙ্গে বাবুর পূর্ব বিরোধ ছিল। পারভেজকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ইয়াবাসহ একজন আটক

র্যাব-১ গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে। শনিবার দুপুরে সিটি করপোরেশনের সালনা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুর রহমান (৫৫) দক্ষিণ সালনা এলাকার মৃত দারোগ আলীর ছেলে।

র্যাব জানায়, দক্ষিণ সালনা এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে র্যাব সদস্যরা সালনা এলাকায় অভিযান চালান। অভিযানকালে আব্দুর রহমানকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতে নাতে আটক করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।