বই প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা
ইত্তেফাক রিপোর্ট
কথাসাহিত্যিক মাসুদ আহমেদের দুটি উপন্যাস ‘বিকেল শেষের আলো’ ও ‘প্রাণপ্রপাত’ এর প্রকাশনা অনুষ্ঠান হয়ে গেল গতকাল। বই দুটি প্রকাশ করেছে অন্যপ্রকাশ। ১৯৪৭ পরবর্তী পশ্চিম ও পূর্ব পাকিস্তানের সামাজিক, সাংস্কৃতিক সম্পর্ক কেমন ছিল সেই সময়কে তুলে এনেছেন ‘বিকেল শেষের আলো’ উপন্যাসে। ‘প্রাণপ্রপাত’ উপন্যাসটি হচ্ছে একজন মানুষের মনোভ্রমণ। গতকাল রবিবার জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত এ প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। সভাপতিত্ব করেন ড. মুনিরুজ্জামান। গ্রন্থ বিষয়ে আলোচনা করেন অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল হাই, ড. মো. গোলাম মোস্তফা ও শাহেদ ইকবাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন অন্যপ্রকাশ-এর প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম।
জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান বলেন, বইটিতে লেখক মুক্তিযুদ্ধের কথা স্মরণ করছেন সেইসঙ্গে এটা পাঞ্জাবিদের অপকর্ম বলে চালানোর চেষ্টা দেখা গেছে। মুক্তিযুদ্ধে গণহত্যায় পশ্চিম পাকিস্তানের পাঞ্জাবিরা ছাড়া দেশের অন্য মানুষের এ বিষয়ে কোনো যোগ নেই—এমনও বলার চেষ্টা করা হয়েছে। এই যদি হয় বইটির বার্তা তবে বার্তাটি ঠিক নয়।
নজরুল সম্মেলন আজ শুরু :নজরুল একাডেমি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সাত দিনব্যাপী নজরুল সম্মেলনের আয়োজন করেছে। আজ বিকালে মগবাজারের নজরুল ভবনে সম্মেলন শুরু হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কবি জাহানারা আরজু। সভাপতিত্ব করবেন ভাষাসৈনিক অধ্যাপক মোহাম্মদ আব্দুর গফুর। বিশেষ অতিথি থাকবেন শিল্পী মুস্তাফা জামান আব্বাসী। সাংস্কৃতিক অনুষ্ঠানে অগ্নিবীণা নজরুল চর্চা কেন্দ্র, কলকাতার ১১ জন শিল্পী এবং নজরুল একাডেমি শিল্পী ও অতিথি শিল্পীবৃন্দ অংশ নেবেন।
