সিদ্ধিরগঞ্জে বাস চাপায় কোহিনুর আক্তার (২৯) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইলে মাইক্রোবাস স্ট্যান্ডে। পুলিশ বাসটি আটক করলেও চালক হেলপার পালিয়ে গেছে।
জানা যায়, প্রতিদিনের ন্যায় কাজে যাওয়ার উদ্দেশ্যে কোহিনুর আক্তার শিমরাইল মোড়ে মাইক্রোবাস স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এসময় আদমজী ইপিজেডগামী স্টাফ বাস (ঢাকা মেট্রো-জ-১১-১৫২৪) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় উপস্থিত লোকজন বাসটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মাহবুবুর রহমান ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারসহ বাস জব্দ করে থানায় নিয়ে যায়। নিহত কোহিনুর আক্তার বরিশালের বাকেরগঞ্জ এলাকার আব্দুল হাকিম কাজীর মেয়ে। তিনি সিদ্ধিরগঞ্জ পুলস্থ আহসান নিটিং গার্মেন্টসের সুইং অপারেটর ছিলেন।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই মাহবুবুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। বাস চালক ও হেলপারকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।
