ব্যস্ততম সড়কে ৪০ লাখ টাকা ছিনতাইয়ের রহস্য উন্মোচন

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৯

সহযোগীসহ প্রধান হোতা গ্রেফতার

বিশেষ প্রতিনিধি

রাজধানীর খিলক্ষেত এলাকায় ব্যস্ততম সড়কে ৪০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় প্রধান হোতা তৈয়ব আলী ও তার সহযোগী সাকিল সরকার গ্রেফতার হয়েছে। উন্মোচিত হয়েছে ছিনতাইয়ের রহস্য। মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) একটি টিম বৃহস্পতিবার রাজধানীর শিল্পাঞ্চল এলাকা থেকে তাদের গ্রেফতার করে। উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত ৪ লাখ টাকা এবং ছিনতাইয়ের কাজে ব্যবহূত প্রাইভেটকার। গোয়েন্দা পুলিশ তাদের দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

এ ব্যাপারে মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান জানান, গত ৪ আগস্ট খিলক্ষেত এলাকা থেকে একদল ছিনতাইকারী একটি প্রাইভেটকারের গতিরোধ করে ৪০ লাখ টাকা ছিনতাই করে। এ সংক্রান্তে খিলক্ষেত থানায় মামলা হয়। থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও মামলার ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে তেজগাঁওয়ের এফডিসির গেট সংলগ্ন এলাকা থেকে ছিনতাইকারী চক্রের হোতা তৈয়ব আলী ও তার সহযোগী সাকিল সরকারকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট থেকে ছিনতাইকৃত নগদ ৪০ লাখ টাকা ও ছিনতাই কাজে ব্যবহূত একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়।

এ গোয়েন্দা কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, ঈদুল আজহার কয়েক দিন আগে খিলক্ষেত থানাধীন বাড্ডা হতে বনানীগামী কুড়িল ফ্লাইওভারের বিপরীত পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তারা একটি গাড়ির গতিরোধ করে। পরে ঐ গাড়ির গ্লাস ভেঙে ৪০ লাখ টাকা ছিনতাই করে। তারা দীর্ঘদিন যাবত্ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছিল। তিনি আরো জানান, আসামিরা মূলত একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। মতিঝিল এলাকায় অবস্থান করে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে লক্ষ রাখে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান বড়ো অঙ্কের টাকা উত্তোলন করে। পরবর্তীতে তাদের সুবিধাজনক স্থানে টাকা বহনকৃত গাড়ির গতিরোধ করে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে টাকা ছিনতাই করে। তারা কখনো অস্ত্রের মুখে আবার কখনো নিজেদের ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই করে থাকে। তাদের অপর সহযোগীদের গ্রেফতারে অভিযান চলছে বলে তিনি জানান।