১৭৫ আইন কর্মকর্তা নিয়োগের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৯

ইত্তেফাক রিপোর্ট

১৭৫ আইন কর্মকর্তার নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। একইসঙ্গে স্থায়ী প্রসিকিউশন সার্ভিস প্রতিষ্ঠার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এ রিটের ওপর শুনানি হতে পারে।

গত ৭ জুলাই ১০৫ জন আইনজীবীকে এএজি ও ২১ জুলাই ৭০ জন আইনজীবীকে ডিএজি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ফরহাদ উদ্দিন আহমেদ ভুঁইয়া এ রিট দায়ের করেন। রিটে যোগ্যতার ভিত্তিতে আইন কর্মকর্তা নিয়োগ না দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।

আবেদনে বলা হয়, এই নিয়োগ বাংলাদেশ ল’ অফিসার অর্ডার-১৯৭২ এর ৩(৩) নম্বর অনুচ্ছেদ এর সুস্পষ্ট লঙ্ঘন। এই আর্টিকেল অনুযায়ী এএজি নিয়োগ পেতে হলে সুপ্রিম          কোর্টে ৫ বছর আইনজীবী হিসেবে পেশায় থাকতে হবে। কিন্তু নিয়োগে আইনের এই শর্ত মানা হয়নি।

রিটে আইন সচিব, আইন কমিশনের চেয়ারম্যান, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, সংসদ সচিবালয়ের সচিব, অর্থ সচিব, জনপ্রশাসন সচিব, অ্যাটর্নি জেনারেলসহ ১৫ জনকে বিবাদি করা হয়েছে।