ইত্তেফাক রিপোর্ট
মোবাইল ফোনে বিভিন্ন লটারির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাত্কারী প্রতারক চক্রের হোতাসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ রবিবার ফরিদপুরের ভাঙ্গা এলাকা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন—রুবেল মুন্সি ও মিরাজ। এ সময় তাদের কাছ থেকে ছয়টি মোবাইল ফোন এবং ১৭টি বিভিন্ন কোম্পানির সিমকার্ড উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার শারমিন জাহান। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল প্রতারক চক্রের হোতা রুবেলসহ দুজনকে আটক করা হয়েছে। পরে তাদের রাজধানীর খিলগাঁও থানায় গত ২৯ জুন দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারকৃতরা মোবাইল ফোনের মাধ্যমে লটারিতে গাড়ি, বাড়ি, অর্থ পুরস্কার পেয়েছেন বলে প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করতেন। ফাঁদে পড়ে কেউ টাকা দিতে রাজি হলে একাধিক বিকাশ একাউন্টের মাধ্যমে অর্থ হাতিয়ে নিত।
