পণ্যবাহী জাহাজ ভাড়ার অ্যাপ ‘জাহাজী’র উদ্বোধন

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩০

ইত্তেফাক রিপোর্ট

দেশের অভ্যন্তরীণ নৌপথে পণ্যবাহী জাহাজ ভাড়ায় প্রথমবারের মতো চালু হলো অ্যাপ। এর নাম দেওয়া হয়েছে ‘জাহাজী’। রবিবার জাতীয় প্রেসক্লাবে এ অ্যাপের উদ্বোধন করেন নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নৌসেক্টরের বিশাল জনগোষ্ঠীকে ভোগান্তির হাত থেকে মুক্তি দিতে এই অ্যাপ সহায়ক ভূমিকা পালন করবে। নৌপরিবহন সেক্টর একটি বিশাল এলাকা। এ সেক্টরের উন্নয়নে আরো অনেক কিছু করার আছে। আমরা অবশ্যই এ সেক্টরের উন্নয়নে কাজ করে যাব।

আয়োজকেরা জানান, ‘জাহাজী’ অ্যাপের মাধ্যমে লাইটার জাহাজের মালিক, সাপ্লায়ার, ক্যারিয়ার, এজেন্ট এবং ব্রোকাররা ঘরে বসেই জাহাজ বুকিং দিতে পারবেন। পাশাপাশি জাহাজের অবস্থান নিশ্চিত হতে পারবেন। এছাড়া চলন্ত জাহাজ থেকে পণ্যের মূল্য এবং মান যাচাই করে বালু, পাথরের মতো পণ্য কিনতে পারবেন। আপাতত গুগল প্লে স্টোরে অ্যাপটি পাওয়া যাচ্ছে। শিগিগরই এর আইফোন ভার্সনও চলে আসবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ‘জাহাজী’ অ্যাপের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কাজল আব্দুল্লাহ, বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মাহবুব উদ্দিন আহমদ বীর বিক্রম, প্রযুক্তি পরামর্শক ও রাজনীতিবিদ নাঈমুজ্জামান মুক্তা এবং অ্যাপের চেয়ারম্যান শেখ বাহাউদ্দিন রূপক।