নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নাগরিক সংলাপের আয়োজন করেছে সুশাসনের জন্য নাগরিক- সুজন। শনিবার সকালে স্থানীয় কাশফুল রেস্টুরেন্টে এই নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের লোকজন এ সংলাপে অংশ নেন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে এ নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। সুশাসনের জন্য নাগরিক সুজন সোনারগাঁও শাখার সভাপতি অধ্যাপক মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজনের বিভাগীয় সমন্বয়কারী মুশফিকুল ইসলাম শিমুল, সুজন সোনারগাঁও শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মামুন, সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি অসিত কুমার দাস, পিচ প্রেসার গ্রুপের সদস্য হাসান মাহমুদ রিপন, ইমরান খান, অ্যাডভোকেট নূরজাহান প্রমুখ।
সংলাপে সুজনের বিভাগীয় সমন্বয়কারী মুশফিকুল ইসলাম শিমুল বলেন, আমরা দেশে সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কাজ করছি। দেশের প্রত্যেকটি থানায় সুজনের পক্ষ থেকে সুশীল সমাজের লোকদের সাথে আলোচনা করে দেশের সাধারণ নাগরিকদের ভোট সম্পর্কে সচেতনতা তৈরির জন্য আমরা কাজ করছি।
