গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে গতকাল রবিবার সকালে রাজধানীর দোয়েল চত্বর সংলগ্ন তার সমাধিতে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুলের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর পর সমাধি প্রাঙ্গণে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামসুল হক টুকু। প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব ইতিহাসবিদ সিরাজ উদদীন আহমেদ।
অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী পাকিস্তানের সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে এদেশের শান্তিপ্রিয় গণতন্ত্রকামী মানুষের আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। তিনি তত্কালীন পাকিস্তান সরকারের গণবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে সর্বদা সোচ্চার ছিলেন। তার নেতৃত্বে বাঙালি জাতীয়তাবাদের চেতনার উন্মেষ ঘটেছিল।
ড. মো. আখতারুজ্জামান বলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী গণতান্ত্রিক রীতি ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। তাই সুশীলসমাজসহ সর্বস্তরের জনগণ কর্তৃক তিনি গণতন্ত্রের মানসপুত্র হিসেবে আখ্যায়িত হন। —প্রেস বিজ্ঞপ্তি
