আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, টেকনাফ ও উখিয়ার রোহিঙ্গা শিবিরে কোনো এনজিও উস্কানিমূলক কর্মকাণ্ড করছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে পাকিস্তানপন্থি কয়েকটি এনজিও চিহ্নিত করা হয়েছে, যারা রোহিঙ্গাদের দোয়া মাহফিল ও মোনাজাতের কথা বলে রাজনৈতিক মহাসমাবেশে রূপান্তর ঘটিয়েছে।
গতকাল রবিবার সকালে সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের আরো বলেন, ‘রোহিঙ্গাদের নিয়ে কাজ করা এনজিওদের বিষয়ে সরকারের কাছে কোন ধরনের তথ্য রয়েছে তা জানতে চান মার্কিন রাষ্ট্রদূত। আর আমরা রোহিঙ্গা বিষয়ে সরকারের পদক্ষেপ তুলে ধরেছি। ’
ওবায়দুল কাদের বলেন, মিয়ানমারের সেনাবাহিনীর দমন-নিপীড়নের সময় রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের মানবিকতা ও ইতিবাচক ভূমিকার প্রশংসা করেছেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে আমেরিকা বাংলাদেশের পাশে রয়েছে। তবে এদের কারণে দেশের অর্থনীতি, পরিবেশ, ট্যুরিজম এবং নিরাপত্তা হুমকিতে পড়ছে। এ জন্য রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগ নিতে আমেরিকার সহযোগিতা চাওয়া হয়েছে।
ছাত্রলীগের কমিটি ভেঙে দিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে গণমাধ্যমে বের হওয়া খবরের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগ নিয়ে আলোচনা হয়েছে। তবে মনোনয়ন বোর্ডের মিটিংয়ে ছাত্রলীগের কমিটি ভেঙে দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। কথা প্রসঙ্গে অনেক কথা আসে। ছাত্রলীগের কর্মকাণ্ড নিয়ে প্রধানমন্ত্রী ক্ষুব্ধ কি না এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘কিছু কিছু ব্যাপারে তো থাকতেই পারে। যেমন:আমাদের ইলেকশনে যারা বিদ্রোহী ছিল, আমাদের মন্ত্রী-এমপিদের মধ্যে, নেতাদের মধ্যে— এ সব ব্যাপারে তো ক্ষোভ প্রকাশ হয়। কাজেই ছাত্রলীগেরও বিচ্ছিন্ন-বিক্ষিপ্ত কিছু কিছু ব্যাপার আছে, সেগুলো নিয়ে প্রধানমন্ত্রীর বিরক্তি থাকতেই পারে। শনিবারের বৈঠকে রাজনৈতিক আলোচনা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘বিরোধী দল অনুমতি চাইলে জায়গা দিচ্ছি। সভা-সমাবেশে কোনো বাধা রাজনৈতিকভাবে করা হচ্ছে না।’ বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করছেন খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘আমরা বলেছি আইনি লড়াই করেই সমাধান করতে হবে। জাপার চেয়ারম্যান নির্বাচন সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পার্টি যাকে চেয়ারম্যান নির্বাচিত করবে তারা তাকেই মেনে নেবেন।’
