সাদ-ইয়াসীর রাজুসহ বিভিন্ন দলের ১১ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ২২:০০

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপনির্বাচনে হেভিওয়েট প্রার্থী সাদ এরশাদ, এস এম ইয়াসীর, অ্যাডভোকেট রেজাউল করিম রাজুসহ বিভিন্ন দলের অন্তত এক ডজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল রবিবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন। নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, জাতীয় পার্টির প্রার্থী রওশনপুত্র রাহগীর আল মাহি সাদ এরশাদ, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, বিএনপির মনোনীত পিপলস পার্টি অব বাংলাদেশের চেয়ারম্যান রিটা রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, স্বতন্ত্র প্রার্থী হিসেবে এরশাদের ভাতিজা সাবেক এমপি হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ফখর-উজ-জামান জাহাঙ্গীর, মহানগর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক শ্রমিকনেতা এম এ মজিদ, মহানগর বিএনপির সহসভাপতি কাওছার জামান বাবলা, খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মণ্ডল, গণফ্রন্টের কাজী শহিদুল্লাহ, ন্যাশনাল পিপলস পার্টির রংপুর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আলম। সকাল থেকে উত্সবমুখর পরিবেশে বিভিন্ন প্রার্থীর পক্ষে দলের নেতাকর্মী ও সমর্থকেরা নির্বাচন কার্যালয়ের সামনে জমায়েত হয়ে নির্বাচন কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এদিকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব না থাকলেও জাতীয় পার্টিতে তা প্রকাশ্যে রূপ নিয়েছে। জেলা জাপার একটি অংশ সাদ এরশাদের ও এস এম ফখর-উজ-জামান জাহাঙ্গীরের পক্ষে এবং মহানগর কমিটির নেতাকর্মীদের এস এম ইয়াসীরের পক্ষে মনোনয়ন সংগ্রহে অংশ নিতে দেখা যায়। এছাড়া এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ারের পক্ষে দলের আরেকটি অংশ পৃথকভাবে কাজ করছে।

রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন জানান, গতকাল বিকাল সাড়ে ৪টা পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের ১১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৯ সেপ্টেম্বর, বাছাই ১১ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৬ সেপ্টেম্বর। আর ৫ অক্টোবর হবে ভোট গ্রহণ।