বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী, ব্যাংক ও পুলিশ কর্মকর্তাসহ পাঁচ জন নিহত হয়েছেন। গত শনিবার ও গতকাল রবিবার এসব দুর্ঘটনা ঘটে। ব্যুরো ও সংবাদদাতাদের পাঠানো খবর—
আমতলী (বরগুনা) : তালতলী থানা পুলিশের এএসআই আবুল হাসান (৩৪) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল উপজেলার তালতলী-আমতলী সড়কের কচুপাত্রা গ্রামের নূর মিয়া চেয়ারম্যান বাড়িসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। হাসান ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার কয়া গ্রামের।
খুলনা : খুলনায় বালুবাহী দ্রুতগামী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তা আব্দুস সামাদ (৩৭) নিহত হয়েছেন। গতকাল খুলনা মহানগরীর খুলনা-সাতক্ষীরা সড়কের নিজখামার এলাকার পল্লীবিদ্যুত্ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। তিনি গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ায় ব্র্যাক ব্যাংকে কর্মরত ছিলেন।
চাটমোহর (পাবনা) : পাবনার চাটমোহর-ছাইকোলা সড়কের বাওনবাজার এলাকায় মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত ও সাত জন আহত হয়েছেন। নিহত আকাশ রহমান জয় (১৮) উপজেলার হরিপুর ইউনিয়নের ধুলাউড়ি গ্রামের বাবলু রহমানের ছেলে।
কমলগঞ্জ (মৌলভীবাজার) : কমলগঞ্জ উপজেলার আদমপুর সড়কে গত শনিবার দ্রুতগামী সিএনজি-অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী তুষার আহমেদ (২০) নিহত হয়েছেন।
ফুলবাড়ী (দিনাজপুর) : বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দিলে দুই কলেজ শিক্ষার্থীসহ পাঁচ জন আহত হয়। এতে বাসসহ বাসচালক (সুপারভাইজার) শান্তকে (২৫) আটক করেছে থানা পুলিশ। গতকাল দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ফকিরপাড়া (দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক) নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাগমারা (রাজশাহী) : বাগমারায় গতকাল ভটভটির সঙ্গে ধান বোঝাই ট্রাকের সংঘর্ষে আসাদুল ইসলাম (১৩) নামে এক স্কুলছাত্র নিহত ও ১৫ জন আহত হয়েছে। আসাদুল উপজেলার ঝিকরা ইউনিয়নের ঝিকরার সরদারপাড়া গ্রামের আব্দুল আহাদের ছেলে। সে ঝিকরা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
