পরাজয়ের পথে বাংলাদেশ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ২২:১৭

রাতভর থেমে থেমে বৃষ্টি হলো চট্টগ্রামে। সকালেও চলল কমবেশি বৃষ্টির দাপট। অনেক দিন পর বৃষ্টিকে ক্রিকেটের বন্ধু বলে মনে হলো। এই টেস্টে বাংলাদেশ দলকে বাঁচাতে পারতো কেবল বৃষ্টি। কিন্তু সে আশাও পূর্ণ হলো না। বৃষ্টির বাধা টপকে যেটুকু খেলা গতকাল হলো, তাতে পরাজয়ের একদম দুয়ারে পৌঁছে গেল বাংলাদেশ দল। ৩৯৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে গতকাল চতুর্থ দিনের        খেলা শেষ হওয়া পর্যন্ত ৬ উইকেটে ১৩৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে লজ্জার পরাজয় এড়ানোর জন্য এখনো বাংলাদেশের চাই ২৬২ রান এবং হাতে আছে ৪টি উইকেট।  প্রথম ইনিংসে আফগানিস্তান করেছিল ৩৪২ রান। জবাবে বাংলাদেশ অলআউট হয় ২০৫ রানে। এই ১৩৭ রানের লিডকে দারুণভাবে কাজে লাগাল আফগানরা। দ্বিতীয় ইনিংসে অলআউট হওয়ার আগে ২৬০ রান করল তারা।

৮ উইকেটে ২৩৭ রান নিয়ে গতকাল দিনের খেলা শুরু করে আফগানিস্তান। বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়া খেলায় গতকাল আর ২৩ রান যোগ করতে পারে সফরকারীরা। বাকি ২ উইকেটের একটি তুলে নেন মেহেদী হাসান মিরাজ আর ইয়ামিন রান আউট হয়ে ফেরেন।

৩৯৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা বাংলাদেশ উদ্বোধনী জুটিতে পরিবর্তন আনে। সাদমানের সঙ্গে ইনিংস শুরু করতে আসেন লিটন দাস। দুই জনে ১০ ওভার পার করে ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন। কিন্তু ৩০ বলে মাত্র ৯ রান করে জহির খানের প্রথম শিকার হয়ে সাজঘরে ফেরেন লিটন। এরপর সাদমানকে সঙ্গ দিতে লোয়ার অর্ডার থেকে তুলে তিন নম্বরে নামানো হয় মোসাদ্দেক হোসেনকে। তিনি ১৭ বলে ১২ রানের দ্রুত ইনিংস খেলে জহির খানেরই দ্বিতীয় শিকার হয়ে ফেরেন।

মুশফিক চেষ্টা করেছিলেন সাদমানকে সঙ্গ দেওয়ার। একটু এগিয়ে চার নম্বরে নেমে তিনি ২৫ বলে ২৩ রানের ইনিংস খেলে যান। পরপরই রশীদ খানের দ্বিতীয় শিকার হয়ে মুমিনুল হক ফিরে আসেন। এরপর সাদমানের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেন অধিনায়ক সাকিব আল হাসান।

সাদমান ১১৪ বলে ৪১ রানের ইনিংস খেলে আউট হলে সে প্রতিরোধও ভেঙে যায়। এরপর মাহমুদউল্লাহ ফেরেন ৭ রান করে। শেষ পর্যন্ত সৌম্যকে নিয়ে উইকেটে ছিলেন সাকিব। শেষ বিকালে আবার বৃষ্টিতে আগে আগে শেষ  হয়ে যায় দিনের খেলা। সাকিব ৪৬ বলে ৩৯ রান নিয়ে অপরাজিত ছিলেন।