যশোরের শার্শায় নিজ ঘরে গৃহবধূ গণধর্ষণ মামলায় গ্রেফতার তিন আসামির রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল রবিবার দুপুরে ঐ আসামিদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এদিকে এ ঘটনায় পুলিশের গঠিত তদন্ত কমিটিকে প্রতিবেদন দাখিলের জন্য আরো সাত কার্যদিবস সময় দেওয়া হয়েছে। গতকাল এই প্রতিবেদন দাখিলের কথা ছিল। এ প্রসঙ্গে পুলিশ সুপার মঈনুল হক বলেন, তদন্ত কমিটি আরো সাত কর্মদিবস সময় বৃদ্ধির আবেদন করায় তা মঞ্জুর করা হয়েছে।
আদালত সূত্র জানিয়েছে, গণধর্ষণ মামলায় গ্রেফতার তিন আসামিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক সাইফুদ্দিন হুসাইন শুনানি শেষে তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরা হলেন শার্শার চটকাপোতা গ্রামের কামরুজ্জামান ওরফে কামরুল, লক্ষ্মণপুর গ্রামের আব্দুল লতিফ ও আব্দুল কাদের।
তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক শেখ মোনায়েম হোসেন বলেন, ইতিমধ্যে আসামিদের রিমান্ডে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। রিমান্ড শেষে আসামিদের ডিএনএ টেস্টের জন্য আলামত সিআইডিতে পাঠানো হবে। অজ্ঞাত আসামি প্রসঙ্গে তদন্ত কর্মকর্তা বলেন, অজ্ঞাত আসামি শনাক্তে তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মন্তব্য করা ঠিক হবে না।
