সোনারগাঁওয়ে প্রাথমিক স্কুলের দপ্তরির বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৫৭

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ৫ম শ্রেণির এক ছাত্রীকে ঐ স্কুলের দপ্তরি মনির হোসেন ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার সকালে স্কুলের একটি কক্ষে ঐ ছাত্রীকে সে ধর্ষণ করে। ঐ ছাত্রী অসুস্থ হয়ে পড়লে শনিবার সকালে এ ঘটনা প্রকাশ পায়। ঘটনা প্রকাশের পর অভিযুক্ত দপ্তরি মনির হোসেন বাড়ি ছেড়ে পালিয়ে যায়। বিষয়টি ধামাচাপা দিতে উঠেপড়ে লেগেছে ঐ এলাকার প্রভাবশালীরা। এ ঘটনায় ঐ ছাত্রীর মা বাদী হয়ে শনিবার সন্ধ্যায় সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।  ধর্ষিতা ছাত্রী জানায়, বুধবার সকালে আমি স্কুলে যাই। ঐ সময়ে কেউ স্কুলে আসেনি। আমাকে দপ্তরি মনির হোসেন স্কুলের একটি কক্ষে নিয়ে জোরপূর্বক মুখ চেপে ধরে ধর্ষণ করে। আমি অসুস্থ হলে ঘটনাটি চাচিকে বলি। দপ্তরি আমাকে এ ঘটনা জানাতে বারণ করেছিল। জানালে আমার ক্ষতি হবে বলে হুমকি দিয়েছিল সে। সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান বলেন, স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। দপ্তরিকে গ্রেফতারের চেষ্টা চলছে।