শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধে নীতিমালা প্রণয়ন করা হয়েছে। কোচিং বাণিজ্যে জড়িত শিক্ষক-শিক্ষিকাদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হচ্ছে। কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হলে তাদের বর্তমান কর্মস্থল থেকে অন্যত্র বদলি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল রবিবার জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকারদলীয় সংসদ সদস্য মাহফুজুর রহমানের প্রশ্নের লিখিত জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা বলেন।
সরকারদলীয় সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের প্রশ্নের লিখিত জবাবে শিক্ষামন্ত্রী জানান, ইতিমধ্যে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণির মর্যাদা দেওয়া হয়েছে এবং প্রধান শিক্ষকদের পদ প্রথম শ্রেণিতে উন্নীত করা হয়েছে। এছাড়া তাদের বেতন-ভাতা অনেক বৃদ্ধি করা হয়েছে।
সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মোছা. খালেদা খানমের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, দেশের প্রতিটি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় এবং প্রতিটি বিভাগে একটি করে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। সরকারদলীয় সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে ডা. দীপু মনি জানান, ২০১৮-২০১৯ সালে ৩০১টি কলেজ সরকারিকরণ করা হয়েছে।
