আগস্টে রপ্তানি আয় লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ০০:০৪

অর্থবছরের শুরুতে ইতিবাচক ধারায় থাকলেও গেল আগস্ট মাসে রপ্তানি আয় কাঙ্ক্ষিত হারে হয়নি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ তথ্য অনুযায়ী, আগস্টে পণ্য রপ্তানি থেকে বাংলাদেশ ২৮৪ কোটি ৪৩ লাখ ডলার আয় করেছে। রপ্তানির এই পরিমাণ গত বছরের একই মাসের তুলনায় সাড়ে ১১ শতাংশ কম। গত বছরের আগস্টে বাংলাদেশ ৩২১ কোটি ৩৫ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছিল। মাসের ভিত্তিতে আগস্টে ৩৮৫ কোটি ৮০ লাখ ডলারের পণ্য রপ্তানির লক্ষ্য ছিল বাংলাদেশের। সে হিসাবে লক্ষ্যমাত্রার চেয়ে ২৬ দশমিক ২৭ শতাংশ কম আয় হয়েছে। মূলত তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি কম হওয়ার কারণেই আগস্টে সার্বিক রপ্তানি আয় কমেছে। তবে ব্যবসায়ীরা বলছেন, ঈদুল আজহার কারণে আগস্ট মাসে ৮ থেকে ১০ দিন কারখানা বন্ধ ছিল। ঈদ-পরবর্তী সময়ে রপ্তানির পরিমাণ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ইপিবির তথ্যে দেখা যায়, তৈরি পোশাক ছাড়া অন্যান্য পণ্যের মধ্যে জুলাই-আগস্ট সময়ে পাট ও পাটজাত পণ্য রপ্তানি কমেছে শূন্য দশমিক ৪৩ শতাংশ। হিমায়িত মাছ রপ্তানি কমেছে ৫ শতাংশ। চা রপ্তানি কমেছে ১৮ দশমিক ১৮ শতাংশ। তবে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি বেড়েছে ১ দশমিক ৩২ শতাংশ। বিশেষায়িত টেক্সটাইল রপ্তানি বেড়েছে ৫ শতাংশ। ওষুধ রপ্তানি বেড়েছে ২২ দশমিক ১১ শতাংশ। তামাক রপ্তানি বৃদ্ধি হয়েছে ২৭ দশমিক ৪৩ শতাংশ। হ্যান্ডিক্র্যাফট রপ্তানি বেড়েছে ১২ শতাংশ। চলতি ২০১৯-২০ অর্থবছরে পণ্য রপ্তানির মোট লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ হাজার ৫৫০  কোটি (৪৫.৫০ বিলিয়ন) ডলার।