ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে ৮০ লাখ টাকার ট্রাস্ট ফান্ড গঠিত হয়েছে। এ উপলক্ষ্যে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূইয়া ৮০ লাখ টাকার একটি চেক বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনের কাছে হস্তান্তর করেন। গতকাল রবিবার ‘বিজয় একাত্তর হল ট্রাস্ট ফান্ড’ গঠনের জন্য উপাচার্যের দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এ চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামান, জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মাহমুদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় একাত্তর হলের শিক্ষার্থীদের প্রভোস্ট গোল্ড মেডেল, প্রভোস্ট অ্যাওয়ার্ড এবং মেধাবৃত্তি প্রদান করা হবে।
