সংশোধন হচ্ছে কোম্পানি আইন

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ০০:০৬

সংশোধন হচ্ছে কোম্পানি আইন। এতে একক ব্যক্তির কোম্পানি গঠনের সুযোগ ছাড়াও দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা, ব্যবসা ও বিনিয়োগ সহজ করা, কোম্পানির সাধারণ পাওনাদার ও সংখ্যালঘু শেয়ারহোল্ডারদের স্বার্থ সংরক্ষণকে গুরুত্ব দিয়ে আইনটি সংশোধন করা হচ্ছে। এ জন্য বিদ্যমান আইনে ‘এক ব্যক্তি কোম্পানি’ নামে নতুন ধারা যুক্ত করা হচ্ছে। আইনের সংজ্ঞায় বলা হয়েছে, ‘এক ব্যক্তি কোম্পানি’ বলতে এমন একটি প্রাইভেট কোম্পানিকে বোঝাবে, যেখানে একজন বিশিষ্ট ব্যক্তি এই কোম্পানির শেয়ারহোল্ডার হবেন।

আইনটি সংশোধনের বিষয়ে গতকাল রবিবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে এক পরামর্শ সভার আয়োজন করা হয়। লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন লেজিসলেটিভ রিসার্চ অ্যান্ড রিফর্ম প্রজেক্টের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।          

আইনমন্ত্রী আনিসুল হকের সভাপতিত্বে এ সভায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলামসহ বিভিন্ন মন্ত্রণালয় এবং সরকারি-বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ এ সভায় অংশ নেন। সভা পরিচালনা করেন লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক।

সভায় এক ব্যক্তি কোম্পানি গঠন করা, এর বার্ষিক সাধারণ সভা, শেয়ার হস্তান্তর, পরিচালকের সংখ্যা এবং কোম্পানির মালিকের মৃত্যুর পর এর শেয়ার হস্তান্তর করা বা উত্তরাধিকারগণ কর্তৃক কোম্পানির দায়িত্ব গ্রহণ, এক ব্যক্তি কোম্পানি অধিগ্রহণ করা, রূপান্তর পদ্ধতি, ব্যালান্সশিট, শেয়ার হস্তান্তরের সময় রাজস্ব আদায়ের পদ্ধতি, লিকুইডিটর নিয়োগ ও অবসায়ন হওয়ার আগে মূলধন ফেরতের পদ্ধতি ছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। একক ব্যক্তির কোম্পানি গঠনের সুযোগ রেখে ১৯৯৪ সালে প্রণীত কোম্পানি আইন সংশোধন বিষয়ে আগামী  ২৭ অক্টোবর পরবর্তী পরামর্শসভা অনুষ্ঠিত হবে।