বাংলা একাডেমির ফেলোশিপ পেলেন সাত বিশিষ্টজন

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ০১:০৮

ইত্তেফাক রিপোর্ট

দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সাত জন বিশিষ্ট ব্যক্তিকে বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ প্রদান করেছে।  ফেলোশিপপ্রাপ্তরা হলেন অধ্যাপক আমিনুল ইসলাম (শিক্ষা ও গবেষণা), শিল্পী মনিরুল ইসলাম (চারুকলা), মঞ্জুলিকা চাকমা (কারুশিল্প), এস এম মহসীন (নাট্যকলা), ডা. সামন্ত লাল সেন (চিকিত্সাসেবা), শিল্পী রওশন আরা মুস্তাফিজ (সঙ্গীত) এবং পলান সরকার (বইবান্ধব সমাজ প্রতিষ্ঠায়)। শনিবার বাংলা একাডেমির ৪১তম বার্ষিক সভায়র বিকেলের অধিবেশনে এ ফেলোশিপ প্রদান করা হয়। এদিন অসুস্থ থাকায় পলান সরকারের পক্ষে ফেলোশিপ গ্রহণ তার জ্যেষ্ঠ সন্তান মো. হায়দার আলী।

এছাড়া এই সভায় বাংলা একাডেমি পরিচালিত চারটি পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার ২০১৮ পেয়েছেন ইমেরিটাস প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী,  মযহারুল ইসলাম কবিতা পুরস্কার-২০১৮ পেয়েছেন কবি মুহম্মদ নূরুল হুদা, সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ২০১৮ পেয়েছেন কবি আবিদ আজাদ (মরণোত্তর), কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার ২০১৮ পেয়েছেন অধ্যাপক হায়াত্ মামুদ। প্রথম তিন পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা এবং শেষ পুরস্কারের অর্থমূল্য পঞ্চাশ হাজার টাকা। আবিদ আজাদের পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার জ্যেষ্ঠ সন্তান তাইমুর রশীদ।

পুরস্কার ও ফেলোশিপপ্রাপ্তদের হাতে পুরস্কারের অর্থমূল্য, সম্মাননাপত্র, সম্মাননা-স্মারক ও ফুলেল শুভেচ্ছা তুলে দেন বাংলা একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান এবং ভারপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন।