প্রথা ভেঙ্গে সৌদি আরবে জ্বালানিমন্ত্রী বাদশাহ পুত্র

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ০০:৫৮

সৌদি আরবে প্রথা ভেঙে শক্তিশালী মন্ত্রণালয়ে নিজের ছেলেকে বসালেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। তিনি জ্বালানিমন্ত্রী খালিদ আল ফালিহকে সরিয়ে ছেলে প্রিন্স আব্দুল আজিজ বিন সালমানকে নিয়োগ দিয়েছেন। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএতে রাজকীয় প্রজ্ঞাপন জারি করে এই তথ্য জানানো হয়। গত তিন বছরে দ্বিতীয়বারের মতো জ্বালানিমন্ত্রী বদল করলেন বাদশাহ। এর ফলে এই প্রথম বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন রাজপরিবারের কোনো সদস্য। ১৯৬০ সালের পর সৌদি আরবে পাঁচজন তেলমন্ত্রী দায়িত্ব পালন করেছেন। তাদের কেউই রাজ পরিবারের সদস্য ছিলেন না। প্রিন্স আব্দুল আজিজ দীর্ঘদিন ধরে অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজে (ওপেক) দেশের প্রতিনিধিত্ব করেছেন। -সিএনএন ও রয়টার্স