কালীগঞ্জে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মরদেহ উদ্ধার

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩০

গাজীপুরের কালীগঞ্জে আবু সাইদ মোল্লা (৬৫) নামের এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের চরবাঘুন গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া। ওই সেনা সদস্য চরবাঘুন গ্রামের মৃত শওকত আলী মোল্লার ছেলে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক আজাহারুল ইসলাম জানান, সকালে বাড়ির পিছনে একটি আম গাছে প্লাস্টিকের দড়িতে ঝুলন্ত ওই মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নিহতের পরিবারের বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, অবসরপ্রাপ্ত ওই সেনা সদস্য দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। বিভিন্ন সময় বাড়ীর লোকজনকে বলতেন তিনি মরে যাবেন বা বাড়ি ছেড়ে চলে যাবেন। তিন ছেলে চাকুরী করেন। এক মেয়ে ছিল বিয়ে হয়ে গেছে। তবে পারিবারিকভাবে কোন পিছুটান বা অভাব-অনটন ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যা করেছেন।

ইত্তেফাক/এসএস