কিশোর হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:০০

কিশোরগঞ্জ পৌরসভার পশ্চিম তারাপাশা এলাকার বাসিন্দা মো. বাদল মিয়ার কিশোর ছেলে আবু হায়দার রনিকে নির্মাণাধীন চারতলা ভবনের ছাদ থেকে ফেলে হত্যায় জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে।

সোমবার কালীবাড়ি ব্রিজ সংলগ্ন সড়কে মানববন্ধন হয়। এলাকার নারী-পুরুষ বিক্ষোভ মিছিল নিয়ে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। এসময় বক্তব্য রাখেন নিহতের মা কমলা বেগম, বড়ো ভাই মনির মিয়া, আব্দুস ছালেক প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় সুজন, মিঠু, শাওন, রাসেলসহ কতিপয় বখাটে নেশা করতে অস্বীকৃতি জ্ঞাপন করায় রনিকে ছাদ থেকে ফেলে দেয়। পরদিন চিকিত্সাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রনির মৃত্যু হয়।

মানববন্ধন শেষে এলাকাবাসী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করে।