হরিণাকুন্ডুতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার সকালে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ৩৫ জন আহত হয়। উপজেলার তালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে তালবাড়িয়া গ্রামের শরিফুল ইসলাম ও সমির উদ্দিনের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। রবিবার বিকালে শরিফুলের সমর্থক বশিরের সঙ্গে সমিরের সমর্থক জামালের কথা কাটাকাটি হয়। এরই জেরে সোমবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ৩৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হরিণাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান জানান, এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
