কলেজশিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা স্বরূপকাঠিতে সোমবার বাংলাদেশ কলেজশিক্ষক সমিতির (বাকশিস) ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বাকশিস আয়োজিত সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ কলেজশিক্ষক সমিতির বরিশাল বিভাগীয় কমিটির আহবায়ক অধ্যক্ষ মো. মহসিন উল ইসলাম হাবুল। সংগঠনের উপজেলা সভাপতি অধ্যাপক বিধান চন্দ্র মৈত্রের সভাপতিত্বে ফজিলা রহমান মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের বরিশাল আঞ্চলিক কমিটির যুগ্ম আহবায়ক অধ্যাপক গৌরাঙ্গ চন্দ্র কুন্ডু, অধ্যক্ষ মো. আমিনুর রহমান খোকন, বরিশাল মহানগর কমিটির সভাপতি অধ্যক্ষ মো. হানিফ হোসেন তালুকদার, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক মোসাদ্দেক হোসেন ও অধ্যাপক মো. মোশাররেফ হোসেন খান।
প্রতিবন্ধী ও অনগ্রসর জনগোষ্ঠীর মধ্যে ভাতা প্রদান
তিতাস (কুমিল্লা) সংবাদদাতা তিতাসে প্রতিবন্ধী শিক্ষার্থী বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর মধ্যে বিশেষ ভাতা ও শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার উপজেলা মিলনায়তনে আলোচনা সভার মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম ১৫৭ জনকে এ ভাতা দেওয়া হয়। প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি কর্মসূচির আওতায় ১১৯ জন উপকারভোগীকে ৫ লাখ ৩১ হাজার এবং বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির বিশেষ ভাতা এবং শিক্ষা উপবৃত্তির আওতায় ৩৮ জনকে ১ লাখ ৭৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
নাসিরনগরে সততা স্টোর উদ্বোধন
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা দুর্নীতিদমন কমিশনের (দুদক) অর্থায়নে সোমবার নাসিরনগরের ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ে একটি সততা স্টোর উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী। বিদ্যালয়ের একটি কক্ষে উদ্বোধন শেষে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করানো হয়। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক মো. আবদুর রহিম, সাধারণ সম্পাদক সাংবাদিক আকতার হোসেন ভূঁইয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।
এক হাজার মানুষ পেল চোখের আধুনিক চিকিত্সা
গোপালগঞ্জ প্রতিনিধি চার জেলার সুবিধা বঞ্চিত ১ হাজার মানুষ বিনামূল্যে পেয়েছে চোখের আধুনিক চিকিত্সা। সোমবার চুনখোলা সত্য বিদ্যা নিকেতনে গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও অরবিস দিনব্যাপী ডায়াবেটিক রেটিনোস্কিনিং ক্যাম্প করে গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা ও নড়াইল জেলার সুবিধা বঞ্চিত জনগোষ্ঠির ডায়াবেটিস এবং চক্ষু রোগের সেবা দেয়। চক্ষু হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. সাইফুদ্দিন আহমেদের নেতৃত্বে ঐ হাসপাতালের চিকিত্সক, নার্স, কর্মকর্তারা এ সেবা দেন। পরে ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীদের হাসপাতালের পক্ষ থেকে বিনামূল্যে ওষুধ ও চশমা দেওয়া হয়।
উপজেলা পরিষদের স্থায়ী কমিটির সভা
খালিয়াজুরী (নেত্রকোনা) সংবাদদাতা খালিয়াজুরী উপজেলা পরিষদের পাঁচটি স্থায়ী কমিটির সমন্বয়ে ত্রৈমাসিক সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় উপজেলা প্রশাসনের আয়োজন ও ইউনিসেফ বাংলাদেশের লোকাল গর্ভানেন্স ফর চিল্ডেন কর্মসূচির সহায়তায় দিনব্যাপী এ সভা হয় খালিয়াজুরী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া জব্বার। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আরিফুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিসেফ বাংলাদেশের ঐ কর্মসূচির ডিস্ট্রিক কো-অর্ডিনেটর মো. জাহিদুর রহমানের সঞ্চলনায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান সুমন চক্রবর্তী, নারী ভাইস চেয়ারম্যান হেপী রায় প্রমুখ।
জেলা আনসার ভিডিপির বৃক্ষরোপণ
হবিগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জে জেলা আনসার ভিডিপির উদ্যোগে সোমবার দুপুরে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন জেলা কমান্ডান্ট তানজিনা বিনতে এরশাদ। এ উপলক্ষ্যে জেলা কার্যালয় থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে নিজ কার্যালয়ের সামনে উপস্থিত আনসার সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জেলা কমান্ডান্ট তানজিনা বিনতে এরশাদ। তিনি আনসার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করেন।
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা
মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা মীর্জাগঞ্জে উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ইউএনও মো. সরোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন অ্যাডভান্সমেন্ট অফ ওমেন্স রাইটস প্রকল্পের প্রকল্প পরিচালক পারভীন সুলতানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মো. আবু বকর ছিদ্দিকী। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বক্তব্য রাখেন মীর্জাগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন সুলতানা, মীর্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আনিসুর রহমান প্রমুখ।
মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে মতবিনিময় সভা
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা বড়াইগ্রামে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে প্রতিষ্ঠানপ্রধানদের নিয়ে সোমবার দিনব্যাপী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ। উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, জেলা শিক্ষা কর্মকর্তা এরশাদ উদ্দিন আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ, উপজেলা শিক্ষা কর্মকর্তা রবীন্দ্র নাথ সাহা প্রমুখ।
