রাফায়েল নাদাল ইউএস ওপেনের ফাইনালে দানিল মেদভেদেভকে হারিয়ে ক্যারিয়ারের ১৯তম গ্র্যান্ড স্ল্যামটি জিতেছেন। ৭-৫, ৬-৩, ৫-৭, ৪-৬, ৬-৪ গেমে পাওয়া এই জয়কে ‘অবিস্মরণীয়’ হিসেবে দেখছেন স্প্যানিশ এই তারকা।
রবিবার রাতে ফ্ল্যাশিং মিডোতে প্রথম সেটে লড়াকু জয়ের পর দ্বিতীয় সেটে অনায়াসেই জেতেন প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই নাদাল। কিন্তু পরের দুই সেটে দারুণভাবে ফিরে আসেন রাশিয়া প্রতিপক্ষ মেদভেদেভ। পরের সেটেও লড়েছিলেন বেশ। কিন্তু নাদালের পেশাদারিত্ব আর অভিজ্ঞতার কাছে শেষ পর্যন্ত আর পেরে ওঠেননি তিনি। ফলে উনিশতম গ্র্যান্ড শিরোপা ওঠে নাদালের হাতে।
পাঁচ সেট দীর্ঘ এই ম্যাচে মেদভেদেভকে হারাতে নাদাল সময় নিয়েছেন চার ঘণ্টা ৪৯ মিনিট। জিততে ছয় মিনিট বেশি সময় নিলেই ২০১২ সালে নোভাক জকোভিচ আর অ্যান্ডি মারের দীর্ঘতম ফাইনালের রেকর্ডটি ভেঙ্গে যেতো। এমন এক ফাইনাল জেতার পর আবেগাপ্লুত নাদাল, ‘এটা আমার টেনিস ক্যারিয়ারেরই সবচেয়ে আবেগঘণ রাতগুলোর মধ্যে একটা। এটা চমত্কার এক ফাইনাল ছিল, পাগলাটে এক ম্যাচই খেলেছি।’
নাদাল আরো বলেন, ‘যেভাবে শেষের দিকে ম্যাচটা নাটকীয় হয়ে ওঠেছিল সেটাই ম্যাচটাকে অবিস্মরণীয় করে তুলেছে। খেলাটায় আমার ইতিহাসের অংশ হয়ে গেছে এই ম্যাচটা।’
চ্যাম্পিয়নশিপ পয়েন্টটা জিতে মুখ ঢেকে কোর্টেই শুয়ে পড়েছিলেন নাদাল। শিরোপার খুব কাছে হেরেও নাদালকে অভিনন্দন জানাতে ভোলেননি মেদভেদেভ। শুভেচ্ছা জানাতে ছুটে গিয়েছিলেন তিনি। এ ব্যাপারে প্রতিযোগিতার পঞ্চম বাছাই মেদভেদেভ বলেন, ‘আমি কেবল রাফাকে অভিনন্দন জানাতে চাই। ১৯তম গ্র্যান্ড স্ল্যাম জেতাটা অবিশ্বাস্য, অকল্পনীয়। ’
সমসাময়িক ফেদেরার থেকে একটা সময় নয়টা গ্র্যান্ড স্ল্যাম শিরোপা পিছিয়ে ছিলেন নাদাল। উনিশতম শিরোপাটি জিতে ক্যারিয়ারে প্রথমবারের মতো ফেদেরার থেকে একটি মাত্র গ্র্যান্ড স্ল্যাম শিরোপার দূরত্বে এসে দাঁড়িয়েছেন ‘এল নিনো’। তবে বিশতম শিরোপা জেতা নিয়ে খুব বেশি ভাবছেন না নাদাল, ‘আমি এটা এভাবে দেখি না। আমি সবসময়ই বলি যে, সবচেয়ে বেশি জেতা খেলোয়াড়টা আমিই হতে চাই কিন্তু আমি এটা নিয়ে ভাবছি না।’
নোভাক জকোভিচ আর ফেদেরারের সঙ্গে ত্রিমুখী লড়াই নিয়ে নাদাল বলেন, ‘এ লড়াইয়ে অংশ নিতে পেরে আমি গর্বিত। আমার বিশ্বাস, এটা (বিশতম গ্র্যান্ড স্ল্যাম) হোক কিংবা না হোক তাতে আমি খুব বেশি খুশি কিংবা কম খুশি হবো না।’
নাদাল আরো জানান ফেদেরারের রেকর্ড তাড়া করতে বাড়তি অনুশীলন করবেন না তিনি। নাদালের ভাষ্য, ‘এর জন্য বাড়তি অনুশীলন করবো না আমি। আমার টেনিস খেলার কারণও এটা নয়। আমি এখনো টেনিস খেলি কেননা আমি খেলাটাকে ভালোবাসি। খেলাটা গ্র্যান্ড স্ল্যাম জয়ের চেয়েও বেশি কিছু। সবকিছু নিয়েই ভাবতে হবে আমাকে।’
ক্যারিয়ারের চতুর্থ ইউএস ওপেন জেতা নাদাল জানান যে কোনো জয়ই তাকে সমান আনন্দ দেয়, ‘আমি আনন্দ পেতে খেলি। অবশ্যই জয় আমাকে আরো বেশি খুশি করে তোলে। কিন্তু কয়েক সপ্তাহ আগে মন্ট্রিয়লে আমি জিতেছিলাম। সেটাও আমার জন্য গুরুত্বপূর্ণ। আমার ক্যারিয়ারে যা অর্জন করেছি সেটা অচিন্তনীয় এবং এটা কখনো স্বপ্নেও ভাবিনি।’
