অর্থনৈতিক অঞ্চলের সাফল্য পেতে সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের তাগিদ

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৭

দেশের শিল্প উত্পাদন তথা অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনতে সরকার দেশব্যাপী ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে। এসব উদ্যোগের অর্থনৈতিক সুবিধা পেতে এগুলোকে যথাযথভাবে কার্যকর করতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মধ্যে সমন্বয়ের ভিত্তিতে কাজ করা ও সহায়ক ব্যাংক এবং ঋণ সেবা দিতে হবে। গতকাল সোমবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত এক গবেষণা কর্মশালায় উপস্থাপিত প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। একই সঙ্গে অন্যান্য অবকাঠামো ও প্রণোদনা সংক্রান্ত সহযোগিতা যথাযথভাবে কার্যকর করার বিষয়টিও উঠে এসেছে প্রতিবেদনে।

‘বিজনেস ফ্যাসিলিটেশন ইন ইপিজেড/ইজেড বাই ব্যাংকস’ শীর্ষক গবেষণা কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এবং বিআইবিএম নির্বাহী কমিটির চেয়ারম্যান এস এম মনিরুজ্জামান। এ সময় বক্তারা রপ্তানিভিত্তিক অর্থনৈতিক অগ্রগতিতে মনোযোগ দেওয়ার তাগিদ দেন। তারা বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে দক্ষ জনবল তৈরি জরুরি। এ লক্ষ্যে ব্যাংকারদের দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে।

কর্মশালায় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী, বিআইবিএমের সাবেক সুপারনিউমারারি অধ্যাপক ইয়াছিন আলি। কর্মশালায় সভাপতিত্ব করেন বিআইবিএমের ড. মোজাফফর আহমদ চেয়ার প্রফেসর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. বরকত-এ-খোদা।